বাদ পড়ে গেলেন তামিম-শফিউল
ব্যাপারটা জানাই ছিল একরকম। হাশিম আমলা, শচীন টেন্ডুলকার, উমর আকমল, স্টিভেন ফিনদের সঙ্গে পেরে উঠবেন না তামিম ইকবাল-শফিউল ইসলামরা। হলোও তাই। এলজি-আইসিসি বর্ষসেরার প্রাথমিক তালিকায় থাকলেও গতকাল ঘোষিত সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তামিম ছিলেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের তালিকায় ও শফিউল বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের তালিকায়।২০০৯ সালের ২৪ আগস্ট থেকে ২০১০ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্সের ওপর দেওয়া হবে এবারের বর্ষসেরার পুরস্কার। বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট খেলোয়াড়, বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়, সহযোগী ও অধিভুক্ত দেশগুলোর বর্ষসেরা খেলোয়াড়, বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স, বর্ষসেরা মহিলা খেলোয়াড়, বর্ষসেরা আম্পায়ার এবং স্পিরিট অব ক্রিকেট—পুরস্কার দেওয়া হবে এই ৯টি শ্রেণীতে। আগামী ৬ অক্টোবর ভারতের বেঙ্গালুরুতে হবে সপ্তম বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বর্ষসেরা খেলোয়াড় এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকার চারটি নামের তিনটিতেই আছে মিল। হাশিম আমলা, বীরেন্দর শেবাগ এবং শচীন টেন্ডুলকার আছেন দুটি তালিকায়ই। বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় আরও আছেন গ্রায়েম সোয়ান, বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের তালিকায় ডেল স্টেইন। টেন্ডুলকার আছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের তালিকায়ও।বর্ষসেরা আম্পায়ারের সংক্ষিপ্ত তালিকায় এসেছে আলিম দার, স্টিভ ডেভিস, টনি হিল ও সাইমন টফেলের নাম। স্পিরিট অব ক্রিকেট পুরস্কারের জন্য লড়বে ভারত, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।প্রাথমিক তালিকার প্রতিটি বিভাগ থেকে নেওয়া চারটি করে নাম নিয়ে সংক্ষিপ্ত এই তালিকা করেছে সাবেক খেলোয়াড়, সংবাদমাধ্যম, আইসিসির আম্পায়ারদের এমিরেটস এলিট প্যানেল এবং ম্যাচ রেফারি প্রতিনিধিদের নিয়ে গড়া ২৫ সদস্যের দল।