আগামী বছর কমনওলয়েথ ও এশিয়ান গেমস সামনে রেখে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ শুরু করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। প্রাথমিকভাবে বিওএর প্রশিক্ষণ কমিটি ১৩টি খেলায় ৬১ জন খেলোয়াড়কে মনোনীত করলেও তা কমিয়ে আনা হয়েছে। কাটছাঁট করে গতকাল পাঁচটি খেলায় ২৬ জন খেলোয়াড়, ছয়জন কোচ এবং একজন ক্যাম্প কম্পাউন্ডার নেওয়ার সুপারিশ বিওএর সভাপতি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কাছে জমা দিয়েছে প্রশিক্ষণ কমিটি। অবাক করা ব্যাপার হলো, অ্যাথলেটিকসের কাউকেই নেওয়া হয়নি এই প্রশিক্ষণ শিবিরে। দেশের অ্যাথলেটিকসের জন্য এটি বড় হূদয়বিদারক এক খবর। বিএও-প্রধান অনুমোদন করলে সেনানিবাসে এ মাসেই শুরু হতে পারে দীর্ঘ মেয়াদে নিবিড় প্রশিক্ষণ।
পাঁচ খেলার মধ্যে আছে শ্যুটিং, বক্সিং, তায়কোয়ান্দো, বক্সিং ও সাঁতার। শ্যুটিংয়ে নেওয়া হয়েছে সবচেয়ে বেশি আটজন খেলোয়াড়কে। খসড়া তালিকায় দেশসেরা শ্যুটার শারমিন আক্তারকে (রত্না) বাদ দেওয়া হলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে তাঁকে। আছেন আরও দুজন শারমিন। একজন ২০০৪ ইসলামাবাদ সাফ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী, অন্যতম বিকেএসপির প্রতিশ্রুতিশীল কিশোরী। চার মেয়ে শ্যুটারের আরেকজন সাদিয়া সুলতানা।
চার ছেলে শ্যুটার হলেন আবদুল্লাহেল বাকি, মাহমুদুল হাসান, শোভন চৌধুরী ও জসিমুজ্জামান। গত বাংলাদেশ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনাজয়ী বিকেএসপির তরুণ শ্যুটার রাব্বী হাসানকে রাখা যেত তালিকায়। কিন্তু নানা কারণে তাঁকে নেওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাতজন খেলোয়াড় আছেন আর্চারিতে—ইমদাদুল হক মিলন, রোমান সানা সুজন, শেখ সজীব, প্রেননয় মুরং, মাথুই প্রু মারমা, বিউটি রায় ও শ্যামলী রায়। তায়কোয়ান্দোতে মনোনীত হয়েছেন শ্রাবণী বিশ্বাস, শাহনাজ খাতুন, মিস বিউটি ও জাহিদুল ইসলাম। তিন বক্সার আল আমিন, সুরকৃষ্ণ চাকমা ও আরিফ হোসেন। চার সাঁতারু মাহফিজুর রহমান সাগর, শাহজাহান আলী রনি, মাহফুজা খাতুন ও নাজমা খাতুন।
উল্লেখ্য, আগামী বছর ২৩ জুলাই থেকে ৩ আগস্ট গ্লাসগোতে ২০তম কমনওয়েলথ গেমস এবং ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইনচনে হবে ১৭তম এশিয়ান গেমস।
বিওএর প্রশিক্ষণ কমিটির সদস্যসচিব উইং কমান্ডার রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রশিক্ষণ কার্যক্রমের জন্য বাজেট এক কোটি ৯০ লাখ টাকা। তাঁর কথা, ‘কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যাশা নিয়েই এই ক্যাম্প হবে। আমরা কয়েকবার সভায় বসেছি এবং ফেডারেশনগুলোর দেওয়া তালিকা অনুসরণ করেই খেলোয়াড় মনোনীত করা হয়েছে।’ অ্যাথলেটিকস বাদ পড়া প্রসঙ্গে রফিকের যুক্তি, ‘অ্যাথলেটিকস ফেডারেশন আমাদের কোনো আশার বাণী শোনাতে পারেনি। তাই এটা বাদ পড়েছে।’ প্রশ্ন উঠতেই পারে, তাহলে দেশ থেকে কি অ্যাথলেটিকস হারিয়ে যাবে?