বাদও পড়ে যেতে পারে ম্যানইউ!
‘এটা তো অবশ্যই হতাশাজনক।’ উক্তিটা অ্যালেক্স ফার্গুসনের। ‘এখন আর আমাদের ভাগ্য আমাদের হাতে নেই। এর চেয়ে বড় হতাশা আর কী হতে পারে?’ উক্তিটা রবার্তো মানচিনির।একই শহরের দুই ক্লাব, সাম্প্রতিক সময়ে প্রবল প্রতিদ্বন্দ্বীও। তার পরও ম্যানচেস্টারের দুই ক্লাবকে এক সুতোয় মিলিয়ে দিল পরশুর রাত। নিজেদের মাঠে বেনফিকার সঙ্গে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলির মাঠে ২-১ গোলে হারল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে যেতে চাইলে দুই দলই এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে।গত চারবারের তিনবারই ফাইনাল খেলেছে যে দল, সেই ম্যানইউর পাঁচ ম্যাচেও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে না পারাটা অবশ্যই বিস্ময়ের। সেটি একটু সংশয়েও পড়ে গেল। শেষ ম্যাচটা বাসেলের বিপক্ষে, বাসেলেরই মাঠে। এই বাসেলই কিন্তু ম্যানইউর মাঠে এসে ৩-৩ ড্র করে গিয়েছিল! একটাই ম্যাচ। হেরেও তো যেতে পারে ম্যানইউ!অবশ্য ড্র করলেও দ্বিতীয় রাউন্ডে যাবে অ্যালেক্স ফার্গুসনের দল। তখন আবার আরেক বিপদ। গ্রুপ রানার্সআপ হলে দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ কিংবা ইন্টার মিলানের কোনো এক দলের!তবুও ড্র করলেও দ্বিতীয় রাউন্ড—এটা অনেক স্বস্তির। ম্যান সিটির তো সেই স্বস্তিটুকুও জুটছে না। নাপোলির পয়েন্ট ৮, সিটির ৭। শেষ ম্যাচে জিতলেও সিটিকে প্রার্থনা করতে হবে নাপোলি যেন হারে বা অন্তত ড্র করে। কিন্তু নাপোলির প্রতিপক্ষ একটিও ম্যাচ না জেতা ভিয়ারিয়াল। কাজটা নাপোলির জন্য যেমন সহজ, ততটাই কঠিন সিটির জন্য। কারণ তাদের প্রতিপক্ষ ২০১০-এর চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এত সব সমীকরণ আর বায়ার্নের সঙ্গে খেলা পড়েছে বলেই হতাশ মানচিনি বলছেন, ‘আমি বলব, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ নাপোলির ৭০ শতাংশ, আমাদের ৩০ শতাংশ। সবকিছু এখন আর আমাদের হাতে নেই। এটাই বড় সমস্যা।’ফার্গুসন অবশ্য প্রথম রাউন্ডে বাদ পড়ার কথা ভাবছেনই না। বরং তাঁর দুশ্চিন্তা দ্বিতীয় রাউন্ড নিয়ে। সেখানেই বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে কে চায়? তবে ফার্গুসন তাঁর কথার চালটা এভাবে চাললেন, ‘দ্বিতীয় হলে আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। তবে অন্যভাবেও দেখা যায় বিষয়টি। আমরা মনে হয়, বড় দলগুলোর বিপক্ষেই ভালো খেলি।’দুই ম্যানচেস্টারের হতাশার কেন্দ্রে থাকলেন দুই গোলরক্ষক। ৩ মিনিটেই আত্মঘাতী গোল খেয়ে শুরু করা ম্যানইউ দারুণভাবে ফিরে এসেছিল দিমিতার বারবেতভ (৩০ মিনিট) ও ড্যানের ফ্লেচারের (৫৯) গোলে। কিন্তু ২-১-এ এগিয়ে যাওয়ার আয়ু ছিল মাত্র এক মিনিট। গোলরক্ষক ডেভিড ডি গেয়া ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় ফিরতি বলে গোল করেন আর্জেন্টাইন প্লে-মেকার পাবলো আইমার।সিটির খলনায়ক জো হার্ট। এই গোলরক্ষকের ভুলেই প্রথম গোলটি খেয়েছে সিটি। কাভানির হেডটা ঠেকানোই উচিত ছিল হার্টের। ১৭ মিনিটে খেয়ে বসা গোলটি ঠিক ১৭ মিনিট বাদে শোধ করে দেন মারিও বালোতেল্লি। কিন্তু ৪৯ মিনিটে এডিনসন কাভানির দ্বিতীয় গোলটা আর শোধ করতে পারেনি সিটি। ম্যাচ শেষে তাই নিজেদের আবিষ্কার করেছে জটিল সমীকরণের গিরিপথে।অবশ্য এতসব ঝামেলায় যায়নি তিনটি দল। আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও এসি মিলান। পরশু এই তিন দলের সঙ্গী হলো আরও তিন সাবেক চ্যাম্পিয়ন—বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান ও বেনফিকা।আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হলেও পরশু ডায়নামো জাগরেবের ওপর ঝাঁপিয়েই পড়েছিল রিয়াল। বেনজেমা ও হোসে মারিয়ার জোড়া গোলে জাগরেবকে উড়িয়ে দিয়েছে ৬-২ গোলে। অন্য গোল দুটি করেছেন হিগুয়েইন ও ওজিল। এএফপি, রয়টার্স।