বাধা নয় নিরাপত্তা প্রতিবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের পাকিস্তান সফর যদি নির্ভর করে এই মাসের শুরুতে পাকিস্তান ঘুরে আসা নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ওপর, পিসিবির জন্য তাহলে সুখবর। নিরাপত্তা প্রতিবেদনে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে না যাওয়ার মতো তেমন কিছু নেই বলে জানিয়েছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল।‘নিরাপত্তা প্রতিবেদনে খারাপ কিছু নেই, আবার খুব ভালো কিছুও নেই। তবে এটা ততটা নেগেটিভ নয়। আমি মনে করি, এই প্রতিবেদন দেখেও সরকার পাকিস্তান সফরে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। সরকার এখন পর্যন্ত এ ব্যাপারে নেতিবাচক কোনো মনোভাব দেখায়নি’—কাল টেলিফোনে জানিয়েছেন বিসিবির সভাপতি। প্রতিবেদনে ভেন্যু হিসেবে করাচিকে ঝুঁকিপূর্ণ বলা হলেও লাহোরকে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ উল্লেখ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।এই মাসের শুরুতে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ থেকে নয় সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষকদল পাকিস্তান সফর করে এসে প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ দলের পাকিস্তান সফর নির্ভর করছে এই প্রতিবেদনের ওপরই। তবে মুস্তফা কামাল মনে করেন, নিরাপত্তা প্রতিবেদনের চেয়ে আইসিসির সিদ্ধান্তই এ ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, ‘আমরা পাকিস্তানে যাব কি না, সেটা নির্ভর করছে আইসিসির বোর্ড সভার সিদ্ধান্তের ওপর। বোর্ড সভায় যদি পাকিস্তানকে নিরাপদ মনে করে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মেনে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়, আমাদের যেতে সমস্যা নেই। আমরা তখন সরকারের অনুমোদন চাইব।’২০০৯-এর মার্চে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে নিরাপত্তার কারণে পাকিস্তান সফরে যাচ্ছে না বিদেশি কোনো ক্রিকেট দল। বাংলাদেশ দলকে নিয়ে এই বর্জনের ইতি ঘটাতে চায় পিসিবি। বাংলাদেশ গেলে সংক্ষিপ্ত এই সফর হবে তিন ওয়ানডের অথবা দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের।কিন্তু সফরের ব্যাপারে বিসিবি এখনো নিশ্চিত করে কিছু না বলায় বাংলাদেশের বিকল্প খোঁজা শুরু করেছে পিসিবি। পিসিবির প্রধান জাকা আশরাফ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি কোনো দেশের নাম বলব না। তবে আমরা অন্তত দুটি ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। বাংলাদেশ “না” করে দিলেও আমাদের পথ খোলা থাকবে।’ পিসিবির প্রধান অবশ্য বিসিবির সভাপতির কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও দাবি করেছেন। এই সফরটি সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে পিসিবি।পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জে আইসিসিকে পাশে পাচ্ছে বলে মনে করছে পিসিবি। এমন ধারণার কারণ, আইসিসির প্রধান নির্বাহীদের গত সভায় নেওয়া একটি সিদ্ধান্ত। সভা শেষে বলা হয়েছিল, নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকলে অনিরপেক্ষ আম্পায়ার দিয়ে সিরিজ চালানো যেতে পারে কি না, সেটি আলোচনার জন্য আইসিসির বোর্ড সভায় তোলা হবে। জাকা আশরাফ সেই সূত্র ধরেই বলেছেন, ‘আইসিসি আমাদের অনেক সাহায্য করছে। তারা পাকিস্তানের আম্পায়ার দিয়েও খেলা চালানোর পক্ষে। এটা ইতিবাচক।’ তবে বিসিবির সভাপতি মুস্তফা কামাল এভাবে সিরিজ খেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আবারও, ‘আমরা বিশেষ ব্যবস্থা চাই না। বিশেষ ব্যবস্থায় অনিরপেক্ষ আম্পায়ার দিয়ে খেলা চালানো মানে আইসিসিও পাকিস্তানকে নিরাপদ মনে করছে না। সে ক্ষেত্রে আমরা কেন যাব?’‘বিশেষ ব্যবস্থা’র অভিনব উপায়টা পিসিবি কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলে কাজে লাগাচ্ছে না, সেটাও প্রশ্ন। আগামী আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের ‘হোম সিরিজ’টি শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। পিসিবির পরিচালক ইন্তিখাব আলম ও শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা খবরটি নিশ্চিত করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।