বাধা যখন আমিরের বয়স!
বয়স মাত্র ১৮ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এক বছর ধরে। অল্প দিনেই মোহাম্মদ আমির হয়ে উঠেছিলেন পাকিস্তানের নতুন দিনের প্রতীক। ‘নতুন ওয়াসিম আকরাম’ বলেও পরিচিতি পেয়ে গেছেন তিনি। টেস্টে সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ৫০ উইকেট শিকারে কৃতিত্ব অর্জন করেছেন। অথচ সেই আমির এখন পাকিস্তান ক্রিকেটের কলঙ্কের প্রতীক! শেষ পর্যন্ত স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সালমান বাট, মোহাম্মদ আসিফের সঙ্গে আজীবন নিষিদ্ধ হওয়ার কথা তাঁরও। তবে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে আমিরের বয়স!ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাত্কারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুণ লরগাত বলেছেন, ‘সত্যি কথা বলতে কী, এসব ক্ষেত্রে বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। দোষী প্রমাণিত হলেও কাঁচা বয়সের কারণে শাস্তি কম হতে পারে মোহাম্মদ আমিরের। তবে সব কিছু নির্ভর করছে স্বাধীন ট্রাইব্যুনালের ওপর।’—পিটিআই