ভারত ফিজিকে হারিয়েছে ১৬-০ গোলে। আয়ারল্যান্ড ১৩-০। ফিজির বিপক্ষে বাংলাদেশের তাহলে কয় গোলে জেতা উচিত ছিল? সহজ হিসাব বলে কমপক্ষে ১০ গোলে।কিন্তু কাল ফিজির সঙ্গে বাংলাদেশ জিতল ৮-৪ গোলে। বিস্ময়কর স্কোরলাইন! টেলিভিশনে খেলা দেখে থাকলে মানবেন যে সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। চোটগ্রস্ত দল যে জিতেছে, এটাই তো বড় কথা। চোট নিয়েও মামুনুর রহমান (চয়ন) অবিশ্বাস্য খেলেছেন। দলের ৮ গোলের চারটিই তাঁর। হয়েছেন ম্যাচসেরা। বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে এ পর্যন্ত নিজেদের পক্ষে যতটা করা সম্ভব সেটা করে রাখলেন জিমি-চয়নরা। আজ পরাশক্তি ভারতের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। তৃতীয় রাউন্ডে উঠতে এ ম্যাচে বাংলাদেশকে অলৌকিক কিছু করতে হবে। জয় দূর অস্ত, ভারতের সঙ্গে কখনো ড্র পর্যন্ত করা যায়নি। সুতরাং তাদের হারানোর স্বপ্ন দেখতেও সাহস লাগে। তবে ফিজিকে হারানোর পর চয়ন বললেন সেই সাহসী কথাটাই, ‘ভারত অবশ্যই ভালো দল। ওদের সমীহ করি। তার পরও ভারতের চ্যালেঞ্জটা নেওয়ার জন্য মুখিয়ে আছি আমরা।’কাল ২ মিনিটে গোল করে দলকে প্রথম এগিয়ে নেন কৃষ্ণ কুমার। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণই। ১৬ মিনিটে কামরুজ্জামান করেন ৩-০। কিন্তু এরপর বাংলাদেশ ফিজিকে যেন একটু অবজ্ঞার চোখেই দেখতে শুরু করে। সবাই ব্যস্ত হয়ে পড়েন একক প্রচেষ্টায় গোল করতে। সমন্বয়ের সুতোটা ছিঁড়ে যায়, আর এই সুযোগে ৩-২ করে ফেলে ফিজি। ওদের পক্ষে প্রথম গোলটি করেন জেরোম, দ্বিতীয়টি আদ্রিয়ান।প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টে ঝুঁকে পড়ে পেনাল্টি কর্নার আদায়ের দিকে। প্রথম চারটি পিসি মিস করার পর ৪৮ মিনিটে পঞ্চমটি থেকে গোল করেন চয়ন (৪-২)। কিন্তু ৫০ মিনিটে ৪-৩ করেন আলাসেক। এরপর ৫৪, ৬৫ ও ৬৮ মিনিটে পিসি থেকে চয়ন করেন আরও তিন গোল, মাঝে নান্নুর গোল ৫৫ মিনিটে। বাংলাদেশ এগিয়ে যায় ৮-৩ গোলে। ৬৯ মিনিটে আবারও আদ্রিয়ানের গোলে কমে ব্যবধান (৮-৪)। রাসেল মাহমুদ (জিমি) ভালো খেলতে পারেননি। কয়েকটা সহজ সুযোগ মিস করেছেন কৃষ্ণ ও কৌশিক। গোলরক্ষক জাহিদ বারদুয়েক পোস্ট ছেড়ে বেরিয়ে গোল খেয়েছেন।ম্যাচ শেষে দিল্লি থেকে টেলিফোনে কোচ মাহবুব হারুন বললেন, ‘তিন গোলে এগিয়ে গিয়েও ২ গোল খেয়ে ছেলেরা নিজেরাই চাপ বাড়িয়েছে।’ নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে দাঁড়ানোর আগে কোচ ইতিবাচকই ভাবছেন, ‘ভারত অবশ্যই ভালো দল। জয় বা ড্রয়ের কথা বলব না। ভালো খেলার চেষ্টা করব। দিনটা আমাদের হলেও হতে পারে।’কাল অন্য ম্যাচে ভারত ৪-০ গোলে হারিয়েছে চীনকে।