বাধা হয়ে আছেন সাঙ্গাকারা
৬৯ রানের মধ্যে শ্রীলঙ্কার চার ব্যাটসম্যান সাজঘরে। শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল বাংলাদেশের! তবে এরপরই প্রতিরোধ গড়েন কুমার সাঙ্গাকারা ও দীনেশ চান্দিমাল।পঞ্চম উইকেটে সাঙ্গাকারা-চান্দিমাল জুটিতে ১৯৫ রানের দেখা পায় শ্রীলঙ্কা। সেঞ্চুরি করে ফিরে গেছেন চান্দিমাল, তবে বাংলাদেশের সামনে এখনো বাধা হয়ে দাঁড়িয়ে আছেন সাঙ্গাকারা। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেটে ২৯৪ রান। দিনশেষে কুমার সাঙ্গাকারা ১২৭ ও নুয়ান কুলাসেকারা ২ রানে অপরাজিত আছেন। ১০২ রান করা চান্দিমালকে ফিরিয়ে বাংলাদেশকে ‘ব্রেক থ্রু’ এনে দেন পেসার রুবেল হোসেন। চান্দিমালের জায়গায় খেলতে আসা ভিতানাগেকেও (১২) ফেরান রুবেল। এর আগে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয় মুশফিকুর রহিমের দল। এখন পর্যন্ত বাংলাদেশের চেয়ে ৫৪ রানে এগিয়ে স্বাগতিকেরা, হাতে রয়েছে আরও চারটি উইকেট।গতকাল দিনের শেষভাগে ওপেনার তিলকরত্নে দিলশানের উইকেট তুলে নিয়ে বল হাতে শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনেও সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখে টাইগাররা। দিনের ষষ্ঠ ওভারে দিমুথ করুণারত্নের (১৭) উইকেট তুলে নেন আবুল হাসান। তিন ওভার পর দুর্দান্ত এক ডেলিভারিতে লাহিরু থিরিমান্নেকে (০) সাজঘরমুখী করেন রবিউল ইসলাম। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও। দলীয় ৬৯ রানের মাথায় সোহাগ গাজীর শিকারে পরিণত হয়ে ফেরেন তিনি। ম্যাথুসের ব্যাট থেকে আসে ১৬ রান। তবে ম্যাচের চিত্র পাল্টে যায় সাঙ্গাকারা ও চান্দিমালের ১৯৫ রানের জুটিতে।বাংলাদেশের ২৪০ রানের ইনিংসে সর্বোচ্চ ৬৪ রান করেন মমিনুল হক। নাসির হোসেন করেন ৪৮। এ ছাড়া উল্লেখযোগ্য স্কোর বলতে জহুরুল ইসলামের ৩৩ ও সোহাগ গাজীর ৩২ রান। শ্রীলঙ্কার হয়ে ৬৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট শিকার করেন স্পিনার রঙ্গনা হেরাথ। মিডিয়াম পেসার নুয়ান কুলাসেকারার শিকার তিনটি উইকেট। এ ছাড়া একটি উইকেট নেন শামিন্দা ইরাঙ্গা।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪০/১০মমিনুল ৬৪, নাসির ৪৮, জহুরুল ৩৩, সোহাগ ৩২হেরাথ ৫/৬৮, কুলাসেকারা ৩/৫৪শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৯৪/৬(দ্বিতীয় দিনের খেলা শেষে)সাঙ্গাকারা ১২৭*, চান্দিমাল ১০২রবিউল ২/৫২, রুবেল ২/৪১