বাধা হয়ে দাঁড়িয়ে পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ সমর্থকেরা বোধ হয় একটু বেশি হইচই করছিল। বেয়ারস্টোকে আউট করার পর তাই ওদের দিকে ফিরে চুপ করতে বললেন পিটার সিডল, মাইকেল ক্লার্ক আর ডেভিড ওয়ার্নার । এএফপি
ইংলিশ সমর্থকেরা বোধ হয় একটু বেশি হইচই করছিল। বেয়ারস্টোকে আউট করার পর তাই ওদের দিকে ফিরে চুপ করতে বললেন পিটার সিডল, মাইকেল ক্লার্ক আর ডেভিড ওয়ার্নার । এএফপি

শেষ সেশনে স্কোরবোর্ড দেখাল, বক্সিং ডে টেস্টের প্রথম দিনে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়েছে মেলবোর্ন। সংখ্যাটা ৯১০৯২, ৫২ বছর আগে এই মেলবোর্নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে আগের রেকর্ড দর্শকসংখ্যা ছিল ৯০৮০০। ১৯৬১ সালে ওই টেস্টে খেলা গ্যারি সোবার্স, রোহান কানহাই, রিচি বেনো আর ওয়েস হলরা এতক্ষণে তথ্যটা জেনেও যেতে পারেন। আর মনে মনে বলতে পারেন—অথচ তোমরা বলো টেস্ট ক্রিকেট আকর্ষণ হারাচ্ছে!
নাহ্, অন্তত অ্যাশেজের লড়াই যত দিন আছে তত দিন হারাবে বলে মনে হয় না। তবে মেলবোর্নে প্রথম দিনে এই রেকর্ড গড়া দর্শকের যতটা রোমাঞ্চ প্রাপ্য ছিল সেটা কোনো দলই উপহার দিতে পারেনি। এর কারণ হতে পারে, সম্মান বাঁচানোর লড়াইয়ে অনেক সাবধানী আগের তিন টেস্টেই হারা ইংল্যান্ড। অন্যদিকে মিচেল জনসন, রায়ান হ্যারিস আর পিটার সিডলদের খুব একটা সাহায্য করছে না মেলবোর্নের মন্থর উইকেট। তার পরও ২২৬ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ান পেসাররা টস জিতে ফিল্ডিং নেওয়া অধিনায়ক মাইকেল ক্লার্ককে আশাহত করেননি। বাধা হয়ে দাঁড়িয়েছেন কেভিন পিটারসেন, দিন শেষে ৬৭ রানে অপরাজিত ইংল্যান্ড ব্যাটসম্যান।
পিটারসেন কতটা কী করতে পেরেছেন সেটা অবশ্য এ লেখা পড়ার আগেই জেনে গেছেন। তবে কাল দিন শেষে তাঁর ওপরই বাজি ধরেছেন ইয়ান বেল, ‘ও এখনো আছে এবং কাল (আজ) সকালে যদি আরও ঘণ্টা দুয়েক থাকতে পারে পরিস্থিতি দ্রুত বদলে যাবে।’ দলের এই চাওয়া পূরণের আগেই ব্যক্তিগত একটা অর্জন হয়ে গেছে পিটারসেনের। জিওফ বয়কটকে পেছনে ফেলে এখন টেস্টে ইংল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক (৮১১৯)। সামনে গ্রাহাম গুচ, অ্যালেক স্টুয়ার্ট আর ডেভিড গাওয়ার।
বল হাতে দিনটা মন্দ না হলেও অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, নিজের সপ্তম ওভার করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন শেন ওয়াটসন। দিনের শেষ দিকে মাঠে ফিরে অবশ্য স্লিপে ফিল্ডিং করেছেন। তবে চোটটা আসলে গুরুতর কি না, সেটা বোঝার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা হবে তাঁর। স্টার স্পোর্টস, ওয়েবসাইট।