বাধার নাম আরব আমিরাত
দ্বিতীয় রাউন্ডকে লক্ষ্য বানিয়ে গুয়াংজু এশিয়ান গেমসে গেছেন কোচ রবার্ট রুবচিচ। পরশু প্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩ গোলে হারের পর বাংলাদেশের কোচের স্বপ্নটা একটু দুলে ওঠারই কথা। যদিও আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ভালো করার সুযোগ থাকছে বাংলাদেশের। কিন্তু কতটা? সেরা চার রানার্সআপের একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সিঁড়িটা আসলে পরশুর হংকং ম্যাচটিই।ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৫০। সংযুক্ত আরব আমিরাতের ৯৯। দুই দলের র্যা ঙ্কিংয়ের ব্যবধানই বলে কারা ফেবারিট। তবে রুবচিচ বলছেন র্যা ঙ্কিং মাথায় নিয়ে তিনি মাঠে নামবেন না। চীন থেকে টেলিফোনে কোচের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসী সুর, ‘আমরা অবশ্যই ইতিবাচক খেলার চেষ্টা করব। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই ছেলেরা আজ ভালো খেলবে আশা করি। আশা করি, তারা সেরাটা খেলবে।’ অধিনায়ক আমিনুল হক আগের ম্যাচটি খেলেছেন জ্বর নিয়েই। দ্বিতীয় গোলরক্ষক মাজহারুল ইসলাম (হিমেল) কাঁধে চোট পাওয়ায় মাঠে নামতে বাধ্য হন তিনি। এরই মধ্যে তৃতীয় গোলরক্ষক নেহালকেও গুয়াংজুতে পাঠানো হয়েছে। মাজহারুলকে নিয়ে অবশ্য চিন্তার কিছু নেই বলেই জানালেন সহকারী কোচ সাইফুল বারী (টিটু), ‘ও এখন ভালো আছে। আঘাত গুরুতর নয়।’ আমিনুলের জ্বরও অনেক কম। তবে আজ আমিনুল খেলবেন কি না, সেই নিশ্চয়তা দিতে পারেননি সাইফুল, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। কাল (আজ) সকালে যদি ও সুস্থ থাকে তাহলে ওকেই খেলানোর চেষ্টা করা হবে।’