গত এশিয়ান গেমসে বাজে ফলের পরই বিদায় করে দেওয়া হয়েছে পাকিস্তানি কোচ নাভিদ আলমকে। সামনে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের জন্য এখনো কোচবিহীন বাংলাদেশ হকি দল। সিঙ্গাপুরে আগামী ১৭-২৫ জানুয়ারি অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য তাই প্রস্তুতিই শুরু করতে পারেনি দল।
কথা ছিল চলতি নভেম্বরের শুরুতেই ঢাকায় এসে দলের দায়িত্ব নেবেন ভারতীয় কোচ এ কে বানসাল। তাঁর কাছে প্রস্তাবপত্র পাঠানো হয়েছে। তিনি সম্মতিও জানিয়েছেন। কিন্তু পাতিয়ালায় ভারতের জাতীয় ক্রীড়া প্রতিষ্ঠানে কর্মরত কোচ এখনো কর্তৃপক্ষের কাছ থেকে ছুটিই জোগাড় করতে পারেননি! আর কোচ না পেয়ে জাতীয় দলের ক্যাম্পও ডাকতে পারছে না ফেডারেশন। খেলোয়াড়েরা তাই অলস সময়ই কাটাচ্ছেন।
কোচ নিয়োগ নিয়ে ফেডারেশন থেকেই দুই রকম কথা শোনা যাচ্ছে। বানসালের বিকল্প হিসেবে বেলজিয়ামের মিশেল কিনানের কথা বলছেন কেউ কেউ। ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ এফআইএইচের (আন্তর্জাতিক হকি ফেডারেশন) কংগ্রেসে যোগ দিতে এই মুহূর্তে তুরস্কে। যুগ্ম সম্পাদক আনভির আদিল খান কাল বললেন, ‘আমরা বানসালকে না-ও পেতে পারি। তাঁর ছুটি নিয়ে ঝামেলা চলছে। এ জন্য বিকল্প হিসেবে মিশেল কিনানকে দায়িত্ব দেওয়া হবে।’ কিন্তু ফেডারেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বললেন ভিন্ন কথা, ‘বানসালের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছি আমরা। কিন্তু সে আমাদের কোনো উত্তর এখন পর্যন্ত দেয়নি। তবে আমাদের পক্ষ থেকেও তাকে দ্রুত ঢাকায় আসতে বেশি জোরাজুরি করছি না। কারণ, গেরহার্ড পিটার এবং নাভিদ আলমের (জাতীয় দলের সাবেক দুই কোচ) সঙ্গে এভাবে জোরাজুরি করে তাঁদের দামই বাড়িয়েছি। এবার আর ও রকম কাজ করতে চাই না আমরা।’
বাংলাদেশ যুব হকি দল এই মুহূর্তে রয়েছে ভারত সফরে। কোচ হিসেবে দলের সঙ্গী মামুনুর রশীদ। তিনি চেয়েছিলেন পাতিয়ালায় গিয়ে সরাসরি বানসালের সঙ্গে দেখা করে এ বিষয়ে কথা বলবেন। যাতে পাঞ্জাবেই যুব দলের সঙ্গে বানসাল যোগ দেন। তবে ফেডারেশন তাঁকে এ ব্যাপারে সবুজসংকেত দেয়নি।
উচ্চ চাহিদার কারণে এফআইএইচের অনুদানে পাওয়া কোচ কিনানকে কখনোই লম্বা সময়ের জন্য ভাবেনি ফেডারেশন। জানা গেল, কিনানকে এবারও আনা হতে পারে স্বল্প মেয়াদে। একেক দফায় এসে কাজ করবেন ১৫ দিন করে। এতে ফেডারেশন সুবিধাই দেখছে। কিনানের বেতন বহন করবে এফআইএইচ। বাংলাদেশকে দিতে হবে শুধু স্থানীয় আতিথেয়তা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ। কিন্তু এভাবে জোড়াতালির অনুশীলন দিয়ে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে কী করবে বাংলাদেশ? সেখানে বাংলাদেশ খেলবে জাপান, মালয়েশিয়া, পোল্যান্ড, ইউক্রেন ও ওমানের সঙ্গে।