বান্ধবী খুনের ঘটনায় ফেঁসে যাবেন পিস্টোরিয়াস!

আগের দিনও আদালতে কেঁদেছেন। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করে অস্কার পিস্টোরিয়াস যেন এখনো পুড়ছেন অনুশোচনার আগুনে। তবে আদালতে আইনজীবীদের জিজ্ঞাসাবাদে প্রশ্নবিদ্ধ হচ্ছেন এই ‘বিশ্বের পা-বিহীন দ্রুততম মানব’। তাঁর এই অনুশোচনা লোকদেখানো, আদালতের অনুকম্পা পাওয়ার চেষ্টা বলে প্রমাণের চেষ্টা করছেন আইনজীবীরা। আজ দক্ষিণ আফ্রিকার একটি আদালতে জিজ্ঞাসাবাদ চলার সময় আইনজীবীরা অভিযোগ করেন, পিস্টোরিয়াস সেই রাতের যে ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটা বানোয়াট। মিথ্যাচারে ভরা।
গত বছর ভালোবাসা দিবসের রাতেই ভালোবাসার মানুষটিকে গুলি করে মেরে ফেলেন পিস্টোরিয়াস। তখন তাঁর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, স্টিনক্যাম্পকে তিনি চিনতে পারেননি। তিনি মনে করেছিলেন কোনো সন্ত্রাসী ঢুকে পড়েছে তাঁর ঘরে। আত্মরক্ষার জন্যই তিনি গুলি চালান।
তবে আজ শুনানি চলাকালে দক্ষিণ আফ্রিকার তুখোড় আইনজীবী জেরি নেল প্রশ্নবাণে জর্জরিত করেন পিস্টোরিয়াসকে। হত্যাকাণ্ডের পর পিস্টোরিয়াসের ঘরে তোলা ছবিগুলো দেখিয়ে নেল প্রমাণের চেষ্টা করেন, পিস্টোরিয়াসের দেওয়া সাক্ষ্য মিথ্যা। এর আগে পিস্টোরিয়াস দাবি করেছিলেন, গুলির পর তিনি বারান্দায় ছুটে গিয়ে সাহায্যের জন্য চিত্কার করেছিলেন। তবে নেল আদালতে যে ছবিগুলো হাজির করেন তাতে দেখা যায়, পিস্টোরিয়াসের বারান্দায় যাওয়ার সম্ভব ছিল না। কারণ ঘর থেকে বারান্দায় যাওয়ার পথটি বন্ধ করে রেখেছিল একটি স্ট্যান্ড ফ্যান ও একটি লেপ।
ছবি তোলার আগে পুলিশ এগুলো সরিয়ে পথ বন্ধ করে রাখতে পারে—পিস্টোরিয়াস এমন যুক্তি তুলে ধরার পর দৃঢ়কণ্ঠে নেল বলেন, ‘আপনার দেওয়া এ গল্পটা কেউ বিশ্বাস করবে না। আপনার দেওয়া এই গল্প পুরোটাই মিথ্যা।’
ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় নেল মূলত পিস্টোরিয়াসের দেওয়া সাক্ষ্যের ফাঁকফোকরগুলোই তুলে ধরছেন আদালতে। তাঁর পক্ষে বড় শক্তি হিসেবে থাকছে প্রতিবেশীদের সাক্ষ্য। যাঁরা বলেছিলেন, গুলির আওয়াজের আগে তাঁরা নারী কণ্ঠের চিত্কার শুনেছিলেন, যাতে অনুমান করা যেতে পারে পিস্টোরিয়াস স্টিনক্যাম্পের অস্তিত্বই শুধু জানতেন না, দুজনের মধ্যে সেই রাতে বাগবিতণ্ডাও হয়েছিল।
এ ছাড়া পিস্টোরিয়াসকে উদ্ধত ও হুট করে মাথা গরম করে ফেলা একজন তরুণ হিসেবেও প্রতিষ্ঠার চেষ্টা করছেন নেল। প্রমাণ হিসেবে তিনি হাজির করেছেন, এর আগে মানুষে পরিপূর্ণ একটি রেস্তোরাঁয় পিস্টোরিয়াসের গুলি চালানোর ঘটনা। পিস্টোরিয়াস দাবি করেন, গুলি আপনা থেকেই হয়েছে। কিন্তু পুলিশ জানায়, পিস্তলটি যে ধরনের ছিল, তাতে আপনাআপনি গুলি হওয়ার সম্ভাবনা নেই। সূত্র: রয়টার্স।