বান্ধবীকে খুন করে অনুতপ্ত পিস্টোরিয়াস

ভালোবাসা দিবসে বান্ধবীকে বড় অদ্ভুত, নির্মম উপহারই দিয়েছিলেন অস্কার পিস্টোরিয়াস। এক বছর আগে এই ভালোবাসা দিবসেই গুলি চালিয়ে দিয়েছিলেন প্রিয় মানুষটির বুকে। সেই দিনটির আগ পর্যন্ত যিনি ছিলেন লাখো মানুষের প্রেরণা, সেই পিস্টোরিয়াসই নিন্দা কুড়ালেন এই একটি কাজের জন্য। তবে রাগের মাথায় করা কাজটি যে কতখানি ভয়াবহ ছিল, সেটা এখন বেশ ভালোমতোই টের পাচ্ছেন ব্লেড রানার। নিজের কৃতকর্মের জন্য এখন আফসোসেরও অন্ত নেই দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেটের।
‘সেদিনের ভয়াবহ ঘটনাটি নিয়ে আমার অনুভূতি কী, সেটা ভাষায় প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার জানা নেই। রিভার মা-বাবা, পরিবার, বন্ধুদের দুঃখ-কষ্ট আমাকে বেদনাচ্ছন্ন করে রাখে।’ এক বছর পরে নিজের কৃতকর্মের জন্য এভাবেই সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন পিস্টোরিয়াস। জীবনের বাকিটা সময়ও যে সেই ঘটনা তাঁকে তাড়িয়ে বেড়াবে সেটাও স্বীকার করেছেন ২৭ বছর বয়সী এই অ্যাথলেট।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি নিজের বাড়িতেই বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেছিলেন পিস্টোরিয়াস। পরের দিনই পুলিশের হেফাজতে যাওয়ার পর ২২ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হয়েছিলেন এক লাখ টাকার বিনিময়ে। এ বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার নর্থ গাউটেং হাইকোর্টে বিচারের মুখোমুখি হতে হবে পিস্টোরিয়াসকে। খুনের কথা স্বীকার করলেও পিস্টোরিয়াস দাবি করেছিলেন, বাড়িতে কোনো অপরাধী ঢুকে পড়েছে ভেবেই না বুঝে গুলি চালিয়েছেন।
প্যারালিম্পিকের ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে পিস্টোরিয়াস ছিলেন সবারই ধরাছোঁয়ার বাইরে। ২০০৪ সাল থেকে প্যারালিম্পিকের নয়টি পদক জিতেছিলেন পা-হীন দ্রুততম মানব। এর মধ্যে সাতটিই সোনা। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে হয়ে উঠেছিলেন লাখো মানুষের প্রেরণা। গত লন্ডন অলিম্পিকে গড়েছিলেন ইতিহাস। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অংশ নিয়েছিলেন সক্ষমদের অলিম্পিকে। তিনিই প্রথম পা-হীন অ্যাথলেট যিনি দৌড়েছেন সক্ষম দৌড়বিদদের সঙ্গে।