বাপ-বেটার এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবনারায়ণ চন্দরপলের সাফল্য উদ্যাপনের পাশাপাশি একটা শঙ্কাও নিশ্চয়ই জাগছে ক্যারিবিয়ানদের। বয়স ৩৭ ছুঁই-ছুঁই। চন্দরপলকে আর কত দিনই বা পাওয়া যাবে! এমন একজনের বিকল্প কি আর পাওয়া যাবে? উত্তর নিয়ে এসে যাচ্ছেন চন্দরপল জুনিয়র! পরশু ডমিনিকায় ভারতের সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন চন্দরপল, ত্রিনিদাদে ডব্লুআইসিবি অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে গায়ানার হয়ে সর্বোচ্চ রান করল ছেলে তাগনারায়ণ চন্দরপল!বাবার মতো ছেলেও বাঁহাতি ব্যাটসম্যান। দলের পরাজয় অবশ্য রুখতে পারেনি চন্দরপল জুনিয়র। ৩২ ওভারের ম্যাচে জ্যামাইকার ১২০ রানের জবাবে ৯৫ রান তুলতে পারে গায়ানা। এর মধ্যে তাগনারায়ণের ব্যাট থেকেই এসেছে ৩৭। গত মাসে জর্জটাউন ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে চারটি সেঞ্চুরিসহ সাত শর বেশি রান করেছে। ১৪ বছর বয়সেই জায়গা করে নিয়েছে গায়ানার অনূর্ধ্ব-১৭ দলেও। খেমরাজ চন্দরপলের ভবিষ্যদ্বাণীই কি তবে সত্যি হয়ে যাবে? এই ভদ্রলোক শিবনারায়ণ চন্দরপলেরর বাবা, বিখ্যাত সন্তানের ক্রিকেট শিক্ষার শুরু তাঁর হাতেই। নাতির প্রথম গুরুও তিনি। তাগনারায়ণের ১২ বছর বয়সেই খেমরাজ ঘোষণা দিয়েছিলেন, ছেলে ছাড়িয়ে যাবে বাবাকে। সত্যি হবে কি না, উত্তর মিলবে সময়েই। তবে এ মুহূর্তে অবাস্তব মনে হলেও একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। চন্দরপল আর বছর তিন-চার খেললে ওয়েস্ট ইন্ডিজ দলেই একসঙ্গে দেখা যেতে পারে বাবা-ছেলেকে! ওয়েবসাইট।