বাফুফে চাইলে খেলোয়াড় ছাড়তেই হবে
জাতীয় দলের খেলা এলেই সমস্যাটা দেখা যায়। ক্লাব তার খেলোয়াড়দের ছাড়তে চায় না। অথবা ছাড়লেও সময়মতো নয়। এ নিয়ে ক্লাব-বাফুফে চলতে থাকে যুদ্ধ। এবার সেই অবস্থা থেকে বেরোতে ফিফার নির্দেশিত পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের লিগ কমিটি। জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়া না-ছাড়াসংক্রান্ত ফিফার নিয়ম থাকলেও এত দিন তা লিগের বাইলজে ছিল না। এবার তা বাইলজে অন্তর্ভুক্ত করা হয়েছে।সেই হিসেবে গোটা দুনিয়ার ফুটবল যেভাবে চলে সেভাবেই চলবে বাংলাদেশের ফুটবল। আন্তর্জাতিক দুনিয়ায় জাতীয় দলের জন্য ফেডারেশন চাইলে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। টুর্নামেন্টের জন্য খেলোয়াড় তো ছাড়তেই হয়। অনেক সময় প্রদর্শনী বা কম গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ক্লাব খেলোয়াড় ছাড়তে গড়িমসি করে। তার পরও মোটের ওপর কথা হলো, ফেডারেশন চাইলে খেলোয়াড় না দিয়ে উপায় নেই ক্লাবের।বাফুফের পেশাদার লিগ কমিটির প্রধান আবদুস সালাম মুর্শেদী কাল জানিয়েছেন, ‘টুর্নামেন্ট বা প্রদর্শনী ম্যাচের জন্য একটা নির্দিষ্ট সময় আগে আমরা চাইলে এবার থেকে ক্লাব খেলোয়াড় ছাড়তে বাধ্য। আগে বাধ্য ছিল না। এর ফলে ফেডারেশনকে অনেক সমস্যা পোহাতে হয়েছে। কিন্তু নতুন বাইলজে আমরা একটা বলেছি, জাতীয় দল চাইলে খেলোয়াড় না দিয়ে গড়িমসি করা যাবে না। ফিফার আইন অনুযায়ীই চলতে হবে।’বাংলাদেশের ক্লাব ফুটবলে সাধারণ প্রবণতা হলো, জাতীয় দলের খেলা এলে ঘরোয়া লিগই বন্ধ হয়ে যায়। ক্লাব শেষ পর্যন্ত খেলোয়াড় ছাড়ে বটে, কিন্তু ওই খেলোয়াড়দের না ছাড়ার জন্য খেলবে না বলে গোঁ ধরে। এবার থেকে গোঁ ধরা চলবে না।