বাফুফে চায় লম্বা স্বাস্থ্যবান ফুটবলার
বাংলাদেশের ফুটবলারদের বড় ঘাটতি শারীরিক সামর্থ্যে। রাতারাতি এই সমস্যার সমাধান হয়তো সম্ভব নয়। তবে সিলেট বিকেএসপিতে চালু হতে যাওয়া ফুটবল একাডেমির জন্য লম্বা, স্বাস্থ্যবান, উদ্যমী তরুণ ফুটবলার খুঁজতে কোচদের কাছে বার্তা পাঠিয়েছে বাফুফে। এরই মধ্যে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে একাডেমির খেলোয়াড় বাছাই কার্যক্রম। এই প্রথম প্রতিভা বাছাইয়ে উপজেলা পর্যায় পর্যন্ত গেল বাফুফে। প্রায় ৫০০ উপজেলায় যাওয়া মানে মহাযজ্ঞ। এ নিয়ে কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বাফুফের উন্নয়ন কমিটির প্রধান বাদল রায় জানালেন, ‘আমরা লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী ফুটবলারের ওপর বেশি জোর দিচ্ছি। কারণ, শারীরিকভাবে সক্ষম না হলে টিকে থাকা কঠিন।’আপাতত অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বিভাগে প্রতি উপজেলা থেকে খেলোয়াড় বাছাই হচ্ছে পাঁচজন করে। ‘ইয়েস কার্ড’ নিয়ে তারা পরের ধাপে আসবে। জেলা, বিভাগ হয়ে ঢাকায় আনা ১২০ ফুটবলার থেকে দুই বিভাগে ৩০ জন করে বাছবেন ফিফার কোচরা। বাফুফের বেতনভুক্ত ২০ জন কোচসহ স্থানীয়ভাবে আরও ৪০ জনের মতো কোচ থাকছেন এই কার্যক্রমে। পুরো প্রক্রিয়া তদারক করবেন উন্নয়ন কমিটির সদস্যরা। এতে আছেন হাসানুজ্জামান বাবলু, সত্যজিৎ দাস রুপু, আরিফ খান জয় প্রমুখ।কোরবানির ঈদের পর একাডেমি চালু করার আশা বাফুফের। কিন্তু সিলেট বিকেএসপি এখনো পরিত্যক্তই। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সংস্কার করে দেবে বলা হলেও কাজ এগোচ্ছে না। ভেন্যুতে এনএসসি প্রতিনিধিদল যাওয়ার কথা, সেটিও কয়েক দিন ধরে ঝুলে আছে। একাডেমিতে খেলোয়াড়দের লেখাপড়া, তাদের অন্যান্য দায়িত্ব কীভাবে নেবে বাফুফে—এসব ব্যাপারেও কিছু ঠিক হয়নি। একাডেমির জন্য ফিফা সাত লাখ ডলার দেবে। তিন লাখ ডলার এরই মধ্যে এসেও গেছে। এখন বাছাই কার্যক্রম বাবদ বাজেট ৫০-৬০ লাখ টাকা। স্কুল ফুটবলে তৃণমূলে অনেক আর্থিক অনিয়মের অভিযোগ আছে, এবার একাডেমির নামে ভুয়া বিল-ভাউচার বানিয়ে টাকা আত্মসাৎ হবে না তো? সংবাদ সম্মেলনে এ প্রশ্ন উঠলে বাদল রায় বললেন, ‘স্বচ্ছতা নিশ্চিত করব আমরা।’