বাফুফে-জর্জেভিচ ‘মেলবন্ধন’
ঠিক এক বছর আগের দৃশ্যটারই যেন পুনর্মঞ্চায়ন হলো। নতুন কোচ এলেন, তাঁর সঙ্গে করমর্দন, কুশল বিনিময় এবং শুভকামনা জ্ঞাপন। কর্মকর্তারা কিছুক্ষণ পরিকল্পনা নিয়ে কথাটথা বললেন। বাংলাদেশে বিদেশি ফুটবল কোচ এসে প্রথম বাফুফে ভবনে পা দিয়ে এমন সাদর সম্ভাষণই পান। যেমনটা পেয়েছিলেন এডসন সিলভা ডিডো। কাল একইভাবে জোরান জর্জেভিচকেও ‘বরণ’ করে নিল বাফুফে। শুরু হলো আরেক বিদেশি কোচের পথচলা।বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কক্ষে সংবাদমাধ্যমের কর্মীদের ভিড়। নতুন কোচ এলে যা হয়। এবার তো জানার ছিল অনেক কিছু। দুটি টুর্নামেন্টের (এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপ) জন্য দায়িত্ব দিয়ে নতুন কোচের কাছে বাফুফে আসলে কী চাইছে? ডিডোর দল পছন্দ হয়নি বলে তাঁকে বিদায় হতে হয়েছে, জর্জেভিচের জন্য কোন ভবিষ্যত্ অপেক্ষায় রয়েছে? প্রথম প্রশ্নটা করা হলেও দ্বিতীয়টি করা হয়নি। নতুন কোচকে প্রথম দিনেই বিব্রত করতে কে চায়?জর্জেভিচের বিদায় কেমন হবে, ভবিষ্যত্ই জানাবে। তবে কাল কাজী সালাউদ্দিন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায়ের মাঝখানে বসে যা বললেন, তার মধ্যে উষ্ণতাই ছিল। সালাউদ্দিন ও বাদল রায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বললেন, ‘দুই টাইগারের মাঝখানে বসে আছি আমি। আমি জানি তাঁরা কেমন ফুটবলার ছিলেন। আশা করি, তাঁদের সঙ্গে আমি ভালোভাবে কাজ করতে পারব।’একটু আগে সালাউদ্দিন যখন নতুন কোচ নিয়োগের প্রেক্ষাপটটা বলে যাচ্ছিলেন, পাশের সম্মেলনকক্ষে তখন নতুন সার্বিয়ান কোচকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।নতুন কোচ এসেছেন পরশু। আপাতত কয়েক দিন বাংলাদেশ লিগের খেলা দেখবেন এবং তারপর খেলোয়াড় বাছাই করে ১৫ জানুয়ারি বিকেএসপিতে এসএ গেমস দলের (অনূর্ধ্ব-২৩) আবাসিক ক্যাম্প শুরু হবে। জর্জেভিচের সঙ্গে সহকারী হিসেবে কাজ করবেন তাঁর দুই স্বদেশি। তাঁদের একজন সহকারী কোচ জোরান ক্রায়োভিচ কাল এসেছেন, অন্যজন আসবেন আজ।এই কোচের কাছে সালাউদ্দিন জানালেন নিজের প্রত্যাশা, ‘এসএ গেমসে আমি সম্মানজনক ফল চাই।’ সম্মানজনক ফলটা কী? পরিষ্কার করে বলতে চাননি সাবেক তারকা, ‘আমি চাইব দল চ্যাম্পিয়ন হোক। আবার এটাও বলব না আমাদের চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই উচিত। কারণ আমাদের প্রস্তুতি তো সে রকম নয়।’এ-কথা সে-কথার পর এল সাফ ফুটবলে বাংলাদেশ দলের ব্যর্থতা প্রসঙ্গ। সালাউদ্দিন ওই ব্যর্থতার জন্য পরোক্ষে দায়ী করলেন কোচ সাহীদুর রহমান সান্টুকে! ‘শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে পরপর দুটি ম্যাচে ফ্রি কিক থেকে গোল খেয়েছি আমরা। খেলোয়াড়দের তৈরি করা দেয়ালটা ঠিক ছিল না। প্রথম ম্যাচে ভুল হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও এটা হওয়া উচিত হয়নি। অনুশীলনে নিশ্চয়ই এটা নিয়ে কাজ করা হয়নি ভারত ম্যাচের আগে। সান্টু দলকে চ্যাম্পিয়ন করলেও আমি তাঁকে সরিয়ে দিতাম!’