কাঁধে ব্যাগ। বাফুফের কোনো এক কর্মকর্তার কক্ষের সামনে এসে দাঁড়ালেন মফস্বলের ফুটবল সংগঠক। ‘...ভাই...স্লামালাইকুম।’ বাফুফের কর্মকর্তা উঠে গিয়ে সহাস্যে করমর্দন করলেন। কুশলবিনিময়ের পর দুজন এক ফাঁকে একান্তে কথা বলে নিলেন। চলল গল্প, আড্ডা, কফি পান...।কয়েক দিন ধরে এটা বাফুফে ভবনের নিয়মিত চিত্র। ২৮ এপ্রিল বাফুফের নির্বাচন সামনে রেখে ঢাকার বাইরের সংগঠকেরা ঢাকা আসছেন। একেক দিন একেক মুখ। কেউ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নতুন কমিটি জমা দিতে। কেউ বা কমিটির পক্ষে কাউন্সিলের নাম জমা দিচ্ছেন। প্রতিদিনই রাত ১০টা-১১টা পর্যন্ত সরগরম বাফুফে ভবন।নির্বাচন উপলক্ষ করে ঢাকার বাইরের সংগঠকদের কাছে বাফুফে ভবন এখন এক ‘মিলনকেন্দ্র’। কোলাকুলি, ‘বন্ধু কেমন আছ’—জাতীয় সুখের অনুভূতি ছড়িয়ে দিয়ে তাঁরা মেতে উঠছেন খোশগল্পে। খানিক পর ফুটবল নিয়ে কথা শুরু হতেই অবশ্য মফস্বলের কর্মকর্তাদের মুখ থেকে হাসি উধাও। ক্ষোভের ফোয়ারা ছুটে চলে। ‘আমরা কী পেলাম’ প্রশ্নটা ঠিকরে বেরোয় চোখমুখে। ব্যস্ত হয়ে পড়েন অধিকার আদায়ের সংগ্রামের কথা বলতে।পরশু বিকেলে তেমনই এক ‘বিপ্লবীর’ দেখা মিলল সহসভাপতি বাদল রায়ের কক্ষে। ইনি তৌফিকুল ইসলাম (তোফা)। চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, স্থানীয় জেলা ফুটবল অ্যাসোসিয়েশেনের সদস্য। বাফুফের ২৮ এপ্রিলের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ডিএফএর কাউন্সিলরও। মাঝবয়সী ভদ্রলোক সোচ্চার বক্তব্য দিলেন উপস্থিত জনা তিনেক সাংবাদিক আর চার-পাঁচজন কর্মকর্তার উদ্দেশে। ডিএফএর অধিকার চান তিনি। খুব ভালো। ডিএফএ অধিকারসচেতন হলে দেশের ফুটবলের জন্যই মঙ্গলময়। কিন্তু পাল্টা কাঁটার আঘাতও সইতে হলো তাঁকে। এক সাংবাদিক বললেন, মফস্বলের বেশির ভাগ সংগঠকই ঢাকায় কাউন্সিলে এসে একটা ব্যাগ আর ঘড়ি উপহার পেয়েই খুশি। কাউন্সিলে হাত তুলে ‘সব পাস’ করে চলে যান। অধিকার এবং দায়িত্ববোধ নিয়ে তো কমবেশি সবাই নিশ্চুপ!শুনে তোফা সাহেব বেজায় ক্ষুব্ধ। তাঁর মুখে দাবিদাওয়ার লম্বা এক তালিকা—ফিফা থেকে পাওয়া অনুদানের ভাগ দিতে হবে জেলাগুলোকে। পেশাদার ফুটবল লিগে বিদেশি খেলোয়াড় দুজন করতে হবে। তাঁর প্রশ্ন—কাউন্সিলর না হলে কীভাবে কেউ নির্বাচনে প্রার্থী হয়? এই নিয়ম কেন করা হলো?শেষের প্রশ্নটার নানা ব্যাখ্যা বাতাসে ওড়ে। কেউ বলে, যখন যেভাবে সুবিধা সেভাবে এ দেশে নির্বাচন হয়। আর নির্বাচন এলেই শুরু হয় দর-কষাকষি। তাই গত চার বছর ফুটবল ভবনে ডুমুরের ফুল হয়ে থাকা কর্মকর্তারা এখন গণহারে দৃশ্যমান। গত ১০-১২ দিন আগে থেকে বাফুফে ভবনে নিয়মিত যাতায়াত আশিকুর রহমানের (মিকু)। বাফুফে কর্মকর্তাদের সঙ্গে মিটিং করতে কয়েক দিন নিয়মিত এসেছিলেন। তিনি নড়াইল ডিএফএর সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থাগুলোর সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক। তো এই সেদিন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদির কক্ষে বসে মিকুকে ঠোটকাঁটা এক সাংবাদিক জিজ্ঞাসা করে বসলেন, ‘এত দিন আপনাকে ফেডারেশনে দেখা যায়নি। এখন হঠাৎ এত ঘন ঘন আসা-যাওয়া করছেন। ব্যাপারটা কী?শুনে সালাম মুর্শেদী মুখ টিপে হাসলেন। মিকু একটুও দমে না গিয়ে বললেন, তাঁরা ফুটবলের জন্য সব সময়ই কাজ করেছেন। তবে ডিএফএ গঠন করে ফুটবলের সর্বনাশ করা হয়েছে চার বছর আগে। ভবিষ্যতে জেলার ফুটবল ভালোভাবে চালাতে একটা পথের রূপরেখা তৈরির চেষ্টা করছেন।মুশকিল হচ্ছে, ডিএফএর কোনো সংগঠন নেই। ১২ এপ্রিল ডিএফএর প্রতিনিধিরা ঢাকায় জমায়েত হবেন এবং নেতা নির্বাচন করে নির্বাচনী দর-কষাকষিতে নামবেন বলে খবর। তবে এটা ভাবার কারণ নেই, ডিএফএর কোনো নেতাকে হ্যামেলিনের বাঁশিওয়ালা বানিয়ে জেলার সব সংগঠক তাঁর পেছনে ছুটবেন। কারণ তাঁদের মধ্যে বিভিন্ন উপদল আছে।পরশু রাত নয়টায় বাদল রায়ের কক্ষে পাওয়া গেল মুন্সিগঞ্জ ডিএফএর সভাপতি এবং এই নির্বাচনে মুন্সিগঞ্জ ডিএফএর কাউন্সিলর কাবাডি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে। সেখানে ছিলেন ফোরামের সভাপতি ইউসুফ জামিলও (বাবু)। ভোট নিয়ে নানা আলোচনা। পাশেই তখন সালাম মুর্শেদীর কক্ষে ডিএফএ নিয়ে প্রতিদিনের মতো সভা চলছে। নজরুল ইসলামদের নির্বাচনী-মনোভাব কী? নজরুল বললেন, ‘গত কমিটি তারকা ফুটবলারে ঠাসা হলেও কাজ করতে পারেনি। তাই আর খেলোয়াড় নয়। এটাই মনে হয় ভালো হবে।’ এই নির্বাচনে বাফুফের ২১ সদস্যের কমিটিতে একজন সহসভাপতি এবং অন্তত সাত বিভাগের জন্য সাতটি সদস্যপদ নাকি চাইবে ডিএফএ।নির্বাচন সামনে রেখে সবাই এখন ফুটবল ভবনমুখী। আহা, নির্বাচনের পরও যদি এমন থাকত!