বাফুফে ভবনে মেয়েদের ক্যাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ফুটবলের আবাসিক ক্যাম্প ফুটবল ভবনে! এর আগে মহিলা ফুটবলের আবাসিক ক্যাম্প হতো ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। সেখানে বিশাল মাঠ আছে। কিন্তু এবারের ক্যাম্প চলবে মতিঝিল ফুটবল ফেডারেশন ভবনে। আগামী ৭-১৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হচ্ছে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ, ডাক পেয়েছেন ৩২ খেলোয়াড়। ৩১ জুলাই বেলা তিনটায় প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রীসহ বাফুফে ভবনে কোচ গোলাম রব্বানীর (ছোটন) কাছে রিপোর্ট করতে বলা হয়েছে ওই খেলোয়াড়দের।এবার মহিলা ক্রীড়া কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আবাসিক সুবিধা চেয়ে কোনো আবেদনই করেনি বাফুফের মহিলা কমিটি। মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা বলেন, ‘আমরা কোনো চিঠি পাইনি। এখন ক্রীড়া কমপ্লেক্স পুরোটাই ফাঁকা। চাইলেই মেয়েদের এখানে রাখা যেত।’ বাফুফে ভবনে মেয়েরা কতটুকু নিরাপত্তা পাবে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ডানা, ‘ছেলেদের ওখানে কীভাবে মেয়েরা থাকবে, সেটি বোধগম্য নয়।’ তবে বাফুফের মহিলা ফুটবল কমিটির কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের দাবি, ‘এখানে মেয়েরা ১২০ ভাগ সিকিউরড থাকবে।’ মহিলা ক্রীড়া কমপ্লেক্স ফাঁকা থাকতে কেন এমন সিদ্ধান্ত? কিরণ দিলেন খোঁড়া যুক্তি, ‘আমরা একেবারে শেষ সময়ে এই ক্যাম্প ডেকেছি। খেলা সেপ্টেম্বরে। ফুটবল ভবনে থাকলে ওরা কড়া নজরদারিতে থাকবে। অনুশীলনের জন্য বেশি দূর যাওয়া লাগবে না। অ্যাস্ট্রো টার্ফে অনুশীলন করতে পারবে। এ ছাড়া সন্ধ্যার পর গেট লাগিয়ে দেওয়া হবে। আশা করি, সমস্যা হবে না।’যুক্তি যা-ই দেওয়া হোক, অনেকে মনে করেন, ডানার সঙ্গে দ্বন্দ্ব থাকায় মেয়েদের মহিলা কমপ্লেক্সে পাঠাচ্ছেন না কিরণ। তাই মেয়েদের হোস্টেলে মেয়েরা থাকবেন—স্বাভাবিক এই নিয়ম এবার পাল্টে দেওয়া হলো।