বাফুফেকে ফুটবলারদের স্মারকলিপি
বিদেশি ফুটবলার কোটা কমানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন ফুটবলাররা। তারই অংশ হিসেবে কাল বাফুফেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপি গ্রহণ করেছেন লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী। উল্লেখ্য, সাতজন বিদেশি নিবন্ধনের বিপরীতে চারজন খেলতে দেওয়ার গতবারের নিয়মটা এবারও বহাল রাখা হয়েছে। কিন্তু এটি বাতিল করা না হলে খেলোয়াড়েরা আরও বড় আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন। আজ এ ব্যাপারটি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন সালাম মুর্শেদী।সাবেক ও বর্তমান একঝাঁক খেলোয়াড় যোগ দিয়েছেন এই আন্দোলনে। যাতে আছেন বাফুফের নির্বাহী কমিটিতে নির্বাচিত জয়, ইকবালও। সাবেকদের মধ্যে আরও ছিলেন নকীব, জাকির, মাসুদ রানা, গাউস, আলমগীর। বর্তমান খেলোয়াড়দের মধ্যে আমিনুল, হাসান আল মামুন, নজরুল, মামুনুল, আরিফ, রেজাউল, শাকিল, লিটন, টিটু, শুভ্রসহ আরও অনেকে। পাতানো খেলার তদন্ত প্রতিবেদন জমা: ব্রাদার্স-রহমতগঞ্জ সন্দেহজনক পাতানো খেলার তদন্ত প্রতিবেদন অবশেষে জমা পড়েছে গতকাল। বাংলাদেশ লিগের এই ম্যাচটি হয়েছে গত ২৫ এপ্রিল। প্রতিবেদনে কী আছে, তা নিজেরা দেখে পরে প্রকাশ করবে বলে জানিয়েছে বাফুফে।