বাফুফেকে ব্ল্যাটারের উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী সালাউদ্দিন খুব উৎফুল্ল। হওয়ারই কথা। ফিফা সভাপতির সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে পারাই মূল কারণ নয়। সেপ ব্ল্যাটারের কাছ থেকে বাংলাদেশের ফুটবল উন্নয়নে ‘অনেক কিছু আদায়’ করতে পেরেছেন!‘ফিফা সভাপতি আমাকে দেড় ঘণ্টা সময় দিয়েছেন। শুরুতেই বলে নিয়েছেন, “আমি ভালো মুডে আছি। বলো, তোমার কী প্রয়োজন।” একেবারে হাত খুলে দিয়েছেন বাংলাদেশকে। ঢাকায় সফলভাবে মেসিদের ম্যাচ আয়োজনের খবরে বাফুফের ওপর অনেক খুশি তিনি। আগামী মার্চের শুরুতে ঢাকায় আসতেও রাজি হয়েছেন’—কাল ভোরে জুরিখ থেকে ঢাকা ফিরে জানালেন সালাউদ্দিন।ব্ল্যাটারের কাছ থেকে সময় চেয়েছিলেন। বিশ্ব ফুটবলের দণ্ডমুণ্ডের কর্তা সালাউদ্দিনকে সময় দিয়েছিলেন গত ১ ডিসেম্বর। জুরিখে ফিফার সদর দপ্তরে ওই বিশেষ সাক্ষাতের পর ফিফা গোল ডটকম বড় একটা সাক্ষাৎকার নিয়েছে সালাউদ্দিনের। ফিফার ওয়েবসাইটে সেটি প্রকাশও করা হয়েছে।বৈঠকের প্রাপ্তি নিয়ে সালাউদ্দিন জানিয়েছেন, ‘আমি ১০ হাজার বল চেয়েছি (অনুশীলন বল)। সঙ্গে সঙ্গে মঞ্জুর। সিলেট বিকেএসপিতে আমাদের প্রস্তাবিত ফুটবল একাডেমির জন্য টেকনিক্যাল ডাইরেক্টর, কৃত্রিম টার্ফ এবং জিমনেসিয়াম চেয়েছি, সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে ব্যবস্থা নিতে বলেছেন।’মার্চে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ব্ল্যাটার। ফিফা সভাপতিকে দিয়ে তাই একাডেমি উদ্বোধন করার পরিকল্পনা করেছেন সালাউদ্দিন। ওই সময় ফিফার শীর্ষ কর্মকর্তার সম্মানে ডিনার দেওয়া হবে। বাংলাদেশের পেশাদার লিগের শীর্ষ দলগুলোর সভাপতিকে ব্ল্যাটারের সঙ্গে এক টেবিলে ডিনারে আমন্ত্রণ জানানোরও পরিকল্পনা করেছেন সালাউদ্দিন। প্রধানমন্ত্রীর সঙ্গেও ফিফা সভাপতির একটা সাক্ষাতের ব্যবস্থা করে দিতে চান। ফিফার সদর দপ্তরে অনেকবার গিয়েছেন। তবে এবারের মতো প্রাপ্তির সফর ছিল না আগের কোনোটিই। ‘এবার পরিকল্পনা করেই গিয়েছি। ফিফা সভাপতি খুব খোলা মন নিয়ে আমার সব কথা শুনেছেন এবং বাংলাদেশের ফুটবল উন্নয়নে ফিফা এবং তাঁর ব্যক্তিগত সহায়তার আশ্বাসও দিয়েছেন’—বলছিলেন সালাউদ্দিন।উল্লেখ্য, এই অঞ্চলের ফুটবল উন্নয়নে ভারতের ওপর বিশেষ নজর দিয়েছে ফিফা। অন্য অনেক সহায়তার পাশাপাশি নিজেদের পেশাদার লিগের মনোন্নয়ন এবং ক্লাবগুলোর জন্য বড় অঙ্কের অনুদানও ফিফার কাছ থেকে পেয়েছে ভারত। সালাউদ্দিন জুরিখ যাওয়ার আগে বলেছিলেন, ভারত যেভাবে ক্লাবগুলোর জন্য সহায়তা আদায় করেছে ফিফার কাছ থেকে, তিনিও চাইবেন সেভাবে কিছু আদায় করতে। সালাউদ্দিনের এই সফরে ক্লাব উন্নয়নে ফিফা সভাপতির কোনো প্রতিশ্রুতি নেই। তবে ভবিষ্যতে হয়তো হবে—এমনই আশা বাফুফে সভাপতির।