বাফুফেতে আরেকটি ‘পাতানো’ নাটক!
কদিন আগেই একটি নাটক শেষ হয়েছে। ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচ পাতানো ছিল না বলে প্রশ্নবিদ্ধ রায় দিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। ওই ম্যাচ সম্পর্কে বিশেষজ্ঞ মতামত পাল্টে দিয়ে পুরো বিষয়টাকে প্রহসনে পরিণত করা হয়েছে। কাল থেকে শুরু হয়েছে আরেকটি নাটক। এবার আবাহনী-ব্রাদার্স ম্যাচ নিয়ে। দুই দিন আগে একটি বেসরকারি টিভিতে ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেছেন, এবার বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বে তারা আবাহনীকে ম্যাচ ছেড়ে দিয়েছে। তাঁর কথা, ওপরের রাজনৈতিক চাপেই নাকি ব্রাদার্স এই কাজটা করেছে।কাল বাংলাদেশ লিগ কমিটি ডেকে এনে আমেরের বক্তব্য শুনেছে। পরে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করেছে চ্যানেলটি। এক ঘণ্টার মতো আমি কথা বলেছি চ্যানেলের সঙ্গে। সেখানে খেলোয়াড়ি জীবনে পাতানো খেলা নিয়ে নানা কথা ছিল। সেই সূত্রে বলেছিলাম, ...তাহলে কি ব্রাদার্স ও আবাহনীকে ম্যাচ ছেড়ে দিয়েছে? পুরো বিষয়টাই বানানো।’আমের অস্বীকার করলেও আবাহনীকে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা স্পষ্টভাবেই চ্যানেলে প্রচারিত তাঁর বক্তব্যে আছে। যদিও তিনি লিখিত প্রতিবাদও করেছেন ওই প্রতিবেদনের। বল এখন লিগ কমিটির কোর্টে, তবে এই কমিটি গতবার প্রশংসা পেলেও এবার নিন্দিত হচ্ছে। লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদীর কথায় তাই আস্থা নেই ফুটবল অঙ্গনের, ‘আমের কমিটিকে বলেছে তাঁর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করেছে চ্যানেলটি। এখন তাঁর পুরো বক্তব্যের রেকর্ড আমরা চাইব চ্যানেলের কাছে। তারপর পরিস্থিতির দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ওদিকে আবাহনী বেজায় ক্ষুব্ধ, তাদের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ প্রমাণ করতে হবে। নইলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে দলটি।