বাফুফেতে এখন গঠনতন্ত্র-নাটক
নির্বাচন সামনে রেখে গঠনতন্ত্র-নাটক জমে উঠেছে বাফুফের অন্দরমহলে। ২৮ এপ্রিলের নির্বাচনে প্রার্থী হওয়াসংক্রান্ত ধারায় কী আছে, তা নিয়ে একেকজন একেক রকম ব্যাখ্যা দিচ্ছেন। গোটা ব্যাপারটা নিয়ে আজ বাফুফের সভা উত্তপ্ত হতে পারে।কয়েক দিন আগে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ফিফার নিয়ম অনুযায়ী কাউন্সিলর না হলেও প্রার্থী হওয়া যাবে। শুধু একজন কাউন্সিলর ওই প্রার্থীর নাম প্রস্তাব করবেন অন্য একজন কাউন্সিলর তা সমর্থন করলেই চলবে। তবে নন-কাউন্সিলর প্রার্থী ভোটার হতে পারবেন না।’সালাউদ্দিন যোগ করেছেন, ‘গঠনতন্ত্রে নন-কাউন্সিলরের প্রার্থী হওয়ার বিষয়টা আছে, ওটা এখন ধরা পড়েছে। এবং এই নিয়মেই ফিফা-এএফসির নির্বাচন হয়।’গঠনতন্ত্রে এমন কিছু থাকলে এত দিন পর কেন তা ধরা পড়বে, সে এক গোলকধাঁধা। বাফুফের অনেক বড় বড় মস্তিষ্কও এর উত্তর পাচ্ছেন না। সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদের বিস্ময়, ‘গঠনতন্ত্রে এমন কিছু আছে বলে জানা নেই।’ বাদল রায় বলছেন, ‘গতবার যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হয়েছে এবারও সেভাবেই হবে। গঠনতন্ত্র তো পরিবর্তন হয়নি। কাজেই কাউন্সিলর না হয়ে প্রার্থী হওয়ার ব্যাপারটা কীভাবে আসে? তা ছাড়া গঠনতন্ত্রে এমন কিছু লেখা নেই।’অরেক সহসভাপতি শওকত আলী খানেরও একই সুর, ‘গঠনতন্ত্রে নন-কাউন্সিলরের প্রার্থী হওয়ার সুযোগ থাকলে এত দিন জানলাম না কেন আমরা! এখন কেন এ বিষয়টা আসছে বুঝতে পারছি না। কাল এটা জানতে চাইব মিটিংয়ে।’সদস্য গোলাম রব্বানি হেলাল রাতে দিয়েছেন অন্য খবর, ‘শুনেছি, এখন প্রার্থী হতে কাউন্সিলর হতে হবে নিয়মই বহাল রাখা হবে। কখন যে কী নিয়ম হচ্ছে, বোঝা কঠিন।’নির্বাচন ঘিরে বাফুফের গঠনতন্ত্র নিয়ে এমন পরস্পরবিরোধী ব্যাখ্যা নজিরবিহীন। গঠনতন্ত্রে থাকলে কেউ তা জানবে না এটাই বা কেমন? প্রশ্ন তুলছেন অনেকে।