বাফুফেতে কঠিন ভোটযুদ্ধের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের নির্বাচনে কাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। ৬২ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আটজন। প্রার্থী রয়ে গেলেন ৫২ জন। এর মধ্যে সাবেক ফুটবলার প্রায় কুড়িজন। তাঁরা অবশ্য বিভক্ত হয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ। ২১টি পদে ভোট গ্রহণ ৩০ এপ্রিল। মাত্র কয়েকটা দিন। নির্বাচনটা ক্রমেই হয়ে উঠেছে কঠিন এক যুদ্ধের ময়দান। জয়-পরাজয় নিয়ে আগাম কিছু বলা কঠিন। সভাপতি পদে কাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাকারিয়া পিন্টু। ফলে সভাপতি পদে মাঠে আছেন বর্তমান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর সাবেক সহসভাপতি আবদুর রহিম। রহিম সদস্য পদে প্রার্থিতা প্রত্যাহার করলেও সভাপতি পদে রয়ে যাওয়ায় সালাউদ্দিন ফাঁকা মাঠ পাচ্ছেন না। সালাউদ্দিন, সালাম মুর্শেদী, বাদল রায়দের নেতৃত্বে বর্তমান ক্ষমতাসীনদের গড়া সম্মিলিত ঐক্য পরিষদ চূড়ান্ত হয়েছে কাল। এতে সিনিয়র সহসভাপতি পদে আছেন বর্তমান সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। সহসভাপতি পদেও বর্তমান চারজনই—মনজুর হোসেন, বাদল রায়, শওকত আলী খান ও কাজী নাবিল আহমেদ। এই পরিষদে ১৫টি সদস্য পদে বর্তমান কমিটির কর্মকর্তাদের মধ্যে ঠাঁই পেয়েছেন হারুনুর রশিদ, আনোয়ারুল হক, সিরাজুল ইসলাম, হাসানুজ্জামান খান, শেখ আসলাম, সত্যজিৎ দাস, ফজলুর রহমান ও শামসুল হক চৌধুরী। বাকি সাতজন নতুন—আবদুল গাফফার, ইলিয়াস হোসেন, আরিফ হোসেন মুন, বরিশালের আলমগীর খান, খুলনার আজমল আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের তৌফিকুল ইসলাম ও পুলিশ কর্মকর্তা শেখ মারুফ হাসান।শেষ মুহূর্তে আমিরুল ইসলামসহ এই পরিষদ থেকে বাদ পড়া কয়েকজন যোগ দিচ্ছেন গোলাম রব্বানী, আরিফ খান, শফিকুল ইসলাম, তাবিথ আউয়ালদের সঙ্গে। এঁরা ফুটবল বাঁচানোর স্লোগান তুলে একটা পরিষদ করছেন। সভাপতি পদে কাউকে সমর্থন করছেন না তাঁরা।এ ছাড়া জাতীয়তাবাদী ভাবধারার কয়েকজন মিলে একটি পরিষদ করার চেষ্টা চালাচ্ছেন। সব মিলিয়ে ভোটের লড়াই একদিক থেকে হাস্যকরও হয়ে উঠেছে। প্রার্থী হতে কাউন্সিলর হওয়া লাগবে না—এ নিয়মের কারণে ফুটবল থেকে বিচ্ছিন্ন অনেকেই স্বপ্ন দেখছেন বাফুফের ক্ষমতার অংশীদার হতে। সব মিলিয়ে একটা জগাখিচুড়ি কমিটিই হবে বলে অনেকের ধারণা। সালাউদ্দিন ঐক্যপরিষদ করলেও তাঁর সঙ্গীদের অনেকে রহিমকে শক্তি জোগাচ্ছেন বলে প্রচার আছে। তবে তাঁরা সেটা অস্বীকার করেছেন। এই পরিষদের নির্বাচনী বৈতরণী পার হওয়া পরীক্ষার মুখে পড়ে গেছে বলে অনেকের ধারণা।এই চ্যালেঞ্জে জিততে আগামীকাল থেকে ঢাকার বাইরে সফর করছেন সালাউদ্দিন এবং তাঁর সঙ্গীরা। ফুটবল উন্নয়নের মশাল হাতে বাফুফের কর্মকর্তারা কখনো ঢাকার বাইরে যাননি। এখন যাচ্ছেন। নির্বাচন বলে কথা!