বাফুফেতে জমা পড়ল ৬৩ বিদেশির নাম
বাফুফের উন্মুক্ত নীতির কারণে বাংলাদেশের ফুটবলে স্রোতের মতো বিদেশি খেলোয়াড় আসছেন। খেলোয়াড়-সংকটের কথা বলে ক্লাবগুলোও দেদার বিদেশি খেলোয়াড় নিচ্ছে। গত মৌসুমের মতো এবারও বিদেশি খেলোয়াড় নিবন্ধনের কোটা সাতজন। সর্বোচ্চ চারজন খেলতে পারবেন এক ম্যাচে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ লিগের নয়টি দল এবার ৬৩ জন বিদেশির নাম জমা দিয়েছে বাফুফের দপ্তরে। গত পরশু গেছে নাম জমা দেওয়ার শেষ সময়। সবচেয়ে বেশি ১১ জন বিদেশির নাম দিয়েছে আবাহনী। ১৩ নভেম্বর লিগ শুরুর আগে সাতজনকে রেখে বাকিদের নাম বাদ দেওয়া যাবে। এ ব্যাপারে দলটির ব্যবস্থাপক সত্যজিৎ দাস বললেন, ‘নতুন ইরানি কোচ আরদেশি আসছেন পরশু (কাল)। তিনি এসে সবাইকে দেখে যাঁদের রাখতে বলবেন, তাঁদেরই রাখা হবে।’ আবাহনী ক্লাবে দুজন ছাড়া বাকি সব বিদেশিই আছেন। তার মানে বিদেশির হাটই বসিয়েছে আকাশি-নীলরা।মুক্তিযোদ্ধা ও মোহামেডান দিয়েছে আটজন করে বিদেশির নাম। এ ছাড়া ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ও রানার্সআপ শেখ জামাল সাতজন করে, আরামবাগ ছয়জন, বিজেএমসি পাঁচজন এবং ফেনী সকার ক্লাব চারজন বিদেশির নাম জমা দিয়েছে। গতবার বাংলাদেশ লিগে নিবন্ধিত বিদেশির সংখ্যা ছিল ৬৫। অবশ্য দল ছিল ১১টি। এবার অবনমিত হয়েছে ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ। পেশাদার লিগে খেলার সুযোগ পেয়েও খেলছে না কক্স সিটি। আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা সাতজন করে বিদেশি রাখলে এবার নয়টি দলে সংখ্যাটা হবে ৫৭ জন। এর অর্থ, বাংলাদেশের ঘরোয়া ফুটবল এ বছরও বিদেশিদের দখলেই থাকছে।