বাফুফেতে ডিএফএ নামের ঝড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদল রায় বলছেন, ‘আমরা কিছুই জানি না। এটা কী করে হলো?’ আনোয়ারুল হক বিস্মিত, ‘এত দিন কিছুই জানতাম না!’ সালাম মুর্শেদীও আকাশ থেকে পড়লেন, ‘সুলতান ভাই ফিফাকে মুচলেকা দিয়ে এমন কাজ করেছেন, ফেডারেশনের কেউই জানে না!বাফুফের কর্মকর্তারা কাল ‘কিছুই জানি না’ বলার প্রতিযোগিতায় নামলেন। বাফুফের নির্বাহী কমিটির দীর্ঘ পাঁচ ঘণ্টার সভা শেষে সংবাদ বিফ্রিংয়ে তাঁদের অনেকের কথা হারিয়েই গেল।বিষয়টা হলো, বাফুফের গত নির্বাচনের সময় জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠন করে শুধু বিভাগকে ভোটার করতে বলেছিল ফিফা। তখন সভাপতি এস এ সুলতান ফিফাকে বুঝিয়ে ওই নির্বাচনে সব জেলাকেও ভোটার করেন। আর ২০০৮ সালের ২১ মার্চ ফিফাকে লিখিত প্রতিশ্রুতি দেন, পরের নির্বাচনে ভোটার হবে শুধুই বিভাগ। সারা বিশ্বই এই নিয়মে চলে। জেলা নয়, ভোটার হয় বিভাগ।কিন্তু বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তারা তো বটেই, গত কমিটির শেষ দিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর হোসেনেরও দাবি অভিন্ন, ‘সুলতান সাহেব ফিফার কাছে মুচলেকা দিয়েছেন, এটা আমি জানিই না!’ ওই কমিটির সদস্য মকবুল হোসেনেরও একই কথা, ‘আমাদের অগোচরে কাজটা করেছেন সুলতান সাহেব।’সংবাদ বিফ্রিংয়ে একজনের মুখের কথা কেড়ে নিলেন আরেকজন। দোষারোপের খেলাও চলল কর্মকর্তাদের মধ্যে। যা দেখে কেউ কেউ বললেন, এত দিন ডিএফএর খোঁজ নেয়নি বাফুফে। এখন নির্বাচন সামনে, তাই এত প্রেম...।এস এ সুলতানের দাবি অবশ্য ভিন্ন, ‘নির্বাচনের স্বার্থে তখন ফিফার চাওয়া অনুযায়ী ওই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছিলাম। হেলাল, বাচ্চু, মালু, বাদলরা সবই জানেন। এখন অস্বীকার করলে হবে না। ওটা আমার একার ব্যাপার ছিল না। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব ছড়ানো হচ্ছে।’প্রশ্ন আসছে, এত দিন পর হঠাৎ বিষয়টা উদিত হয়েছে কোত্থেকে? সভা সূত্রের খবর, সভাপতি কাজী সালাউদ্দিন সম্প্রতি জেলা ডিএফএগুলোকে চিঠি দিয়ে দাবি করেন, একটা পক্ষ জেলার ভোট বাতিল করেছে। তিনি ওই ভোট ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তখনই নাকি বিষয়টা জানাজানি হয়। তবে সভাপতি নিজে এই চিঠি কেন ব্যক্তিগতভাবে দিয়েছেন জেলাকে, কাল সভায় এ নিয়ে তাঁর কাছে ব্যাখ্যা দাবি করেন সদস্য শামসুল হক চৌধুরী (সাংসদ)। এসব নিয়ে সভা ছিল উত্তপ্ত।সালাম মুর্শেদী পরে জানালেন, ‘পুরো বিষয়টার জন্য সর্বসম্মতভাবে দায়ী করা হয়েছে এস এ সুলতানকে। জেলার ভোটের পক্ষে বাফুফে। এ জন্য প্রয়োজনীয় সবই করা হবে।’