বাফুফেতে নির্বাচনী ঐকমত্য!
৬ মার্চ ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ঢাকা আসছেন। এ উপলক্ষে কাল সভায় বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। বাফুফের আসন্ন নির্বাচনের তারিখ এবং নির্বাচন কমিশন গঠনও ছিল আলোচ্যসূচিতে।২০০৮ সালের ২৮ এপ্রিল সর্বশেষ বাফুফের নির্বাচন হয়েছিল। আগামী ২৮ এপ্রিলই হচ্ছে নতুন নির্বাচন। তিন সদস্যের নির্বাচন কমিশনের দুজনের নামও ঠিক হয়েছে। তবে এসব ছাপিয়ে বড় হয়ে উঠছে বাফুফেতে ‘নির্বাচনী ঐক্য’, যা কিনা বাফুফে কর্মকর্তাদের অনৈক্যের মধ্যে ঐক্য গড়ার নতুন এক উদ্যোগ। দ্বিধাবিভক্ত কর্মকর্তারা আলাদা নির্বাচন করতে পারেন—এমন তৎপরতার খবর পাওয়া যাচ্ছিল এত দিন। এদিন পাল্টে গেল চিত্রটা। সভার সূত্রের খবর, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য হারুনুর রশিদ ঐক্যের আহ্বান জানান। শেষ দিকে অনির্ধারিত আলোচনায় তিনি সব বিভেদ ভুলে বর্তমান কমিটির আরও এক মেয়াদে থাকার ওপর জোর দেন। তবে কিছু কাটছাঁট করার কথাও হয়েছে। সভাপতি পদে কাজী সালাউদ্দিনকে রেখে দেওয়ার প্রস্তাব এসেছে। আপত্তি করেননি কেউ। সালাউদ্দিন নিজেও এতে সায় দিয়েছেন। সহসভাপতি শওকত আলী খান রাতে জানিয়েছেন, ‘হারুন ভাই ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ওপর জোর দিয়েছেন। আমরা সবাই সম্মতি দিয়েছি।’