বাফুফেতে নির্বাচনী বিশৃঙ্খলা
নির্বাচন হওয়ার কথা ২৮ এপ্রিল। কিন্তু গঠনতন্ত্র নিয়ে চলছে বিশৃঙ্খলা। এ অবস্থায় বাফুফের নির্বাচন না পেছালে সেটাই হবে বিস্ময়কর। কাল নির্বাচনসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ চার ঘণ্টা সভা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাফুফের নির্বাহী কমিটি। ফুটবল উন্নয়নবিষয়ক কোনো আলোচনার জন্য বাফুফের নির্বাহী কমিটি কখনো এভাবে ঘণ্টার পর ঘণ্টার ব্যয় করেনি। সব দেখে নির্বাহী কমিটিরই এক সদস্য মন্তব্য করলেন, ‘নির্বাচন মানেই স্বার্থ এবং তারই জন্য দিনভর সভা।’ উপরন্তু সভাটা মুলতবি হয়ে গেছে। আজ ফের সভায় বসে খুব সম্ভবত নির্বাচন পেছানোর ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। তার আগে সকাল থেকে ফিফা-এএফসির দপ্তরে শুরু হবে চিঠি চালাচালি। ফিফা অনুমতি দিলেই নির্বাচন পেছাবে। ফিফা দপ্তরে চিঠি চালাচালিতে বাংলাদেশ সম্ভবত সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করতে যাচ্ছে! নির্বাচন সামনে রেখে সভাপতি কাজী সালাউদ্দিন হঠাৎই আবিষ্কার করেছেন, কাউন্সিলর না হলেও নির্বাচনে প্রার্থী হওয়া যাবে। শর্ত হলো, একজন কাউন্সিলর প্রার্থীর নাম প্রস্তাব করবেন, আরেকজন কাউন্সিলর সমর্থন দিলেই চলবে। এত দিন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কাউন্সিলর হওয়া ছিল অবশ্যক। এখন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, নির্বাচনে প্রার্থী হতে কাউন্সিলর হওয়া লাগবে না।সভাপতির বক্তব্যের উল্টো সুর অনেক রথী-মহারথীর মুখে। হারুনুর রশিদ, বাদল রায়রা বলেছেন, গঠনতন্ত্রে এ রকম কিছু নেই। এই পরস্পরবিরোধী কথাবার্তার ইতি টানতে এবং নির্বাচন আয়োজনে একটা পথ বের করতেই কাল বসে নির্বাহী কমিটির ওই সভাটা। সভা শেষে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী সংবাদ ব্রিফিংয়ে কোনো প্রশ্নেরই সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি।প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে সালাম বললেন, ‘গঠনতন্ত্রে পরিষ্কারভাবে বলা নেই, নন-কাউন্সিলর প্রার্থী হতে পারবেন।’ বিষয়টা পরিষ্কার করার জন্য আইনজীবীর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। এরপর বললেন, ‘প্রয়োজনে এজিএম বা ইজিএম করতে হবে। তাই নির্বাচন পেছালেও পেছাতে পারে।’ নির্বাচন পেছানোর দ্বিতীয় কারণ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) গঠন শেষ হয়নি। গতকাল পর্যন্ত প্রায় ৭০টি ডিএফএর মধ্যে ৪৬টি গঠিত হয়েছে, গোটা ছয়েক ডিএফএর মেয়াদ এখনো আছে বলে তাতে নির্বাচন না করলেও চলবে। বাকিগুলোর ডিএফএর নির্বাচন শেষ হতে হতে এপ্রিলের প্রথম সপ্তাহ। গঠিত অনেক ডিএফএ গঠন করা হয়েছে বাফুফে অফিসে বসে এবং বাফুফের অনেকে এতে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।কাজেই ২৮ এপ্রিল নির্বাচন না হওয়া প্রায় নিশ্চিত। সালাউদ্দিন নির্ধারিত সময়ে নির্বাচন করার অঙ্গীকার করলেও কথা রাখতে পারছেন না। অতীতে ফিফাকে দিয়ে মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়েছে। এবারও তাই হতে যাচ্ছে।এটা অবিশ্বাস্য, গঠনতন্ত্রে ত্রুটি থাকলে গত চার বছরে কেন উন্মোচিত হলো না? এখন নির্বাচনের সময় কেন এসব নিয়ে ঘণ্টার পর ঘণ্টা সভা করা লাগছে? একটা ত্রুটিপূর্ণ ও দুর্বল গঠনতন্ত্র নিয়েই এত দিন কীভাবে পার করল বাফুফে সেটাই এখন সবার প্রশ্ন।