বাফুফের আতিথেয়তা
আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ ঢাকায় হবে ৬ সেপ্টেম্বর—বাফুফের জানা ছিল। এই ম্যাচের জন্য পরিদর্শক দল ঢাকা আসবে, সেটাও জানে আগেই। কিন্তু ভেন্যু পর্যবেক্ষণ করতে এসে বেশ বিব্রতকর অবস্থায় পড়লেন আর্জেন্টিনার সহকারী কোচ জুলিয়ান কামিনো। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ফতুল্লা স্টেডিয়ামে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে সস্তার যে ভাড়া গাড়িতে, সেটির শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ঠিকমতো কাজ করেনি। পানি খেতে চেয়ে পানি পাননি অতিথিরা। গাড়িতে পানিই ছিল না! নিজের গাড়ি থেকে পানির বোতল এনে দিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) আবদুর রহমান। রাস্তায় ছিল ভয়াবহ যানজট। পুলিশি নিরাপত্তা থাকলেও ভিআইপি হিসেবে তাঁদের জন্য যানজট এড়ানোর কোনো পরিকল্পনাই নেওয়া হয়নি। এরপর ফতুল্লা থেকে ঢাকা ফেরার পথে শনির আখড়ার কাছে এসে দেখা গেল গ্যাস নেই। সিএনজি স্টেশনের লাইনে দাঁড়িয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করে নেওয়া হলো গ্যাস। ঢাকা থেকে ২০ কিলোমিটার দূরের স্টেডিয়াম থেকে ফিরতে ঘেমেনেয়ে একাকার কামিনো ও তাঁর দল। সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের এ দেশীয় এজেন্ট শো-বিজের নির্বাহী মেহেদি হাসান বললেন, ‘তাঁদের আচরণ দেখে বোঝা গেল, তাঁরা বিষয়টিতে খুবই বিরক্ত হয়েছেন।’