বাফুফের একাডেমিতে অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়
গত মাসে বাফুফের একাডেমির যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এর জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেই সিলেট বিকেএসপিতে। অবকাঠামোর উন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদের দ্বারস্থ হয়েছে বাফুফে। ক্রীড়া পরিষদের একটি প্রতিনিধিদল শিগগিরই সিলেটে যাবে। সব ঠিকঠাক করে এটি চালু করতে আরও কিছুটা সময় লাগছে।তবে দেরিতে হলেও আগামী মাসের প্রথম দিকে খেলোয়াড় বাছাইয়ের কাজটা শুরু করছে বাফুফে। একাডেমি ‘হচ্ছে’ ‘হবে’র মধ্যে এটা আশার দিক। এরই মধ্যে প্রথম কিস্তির টাকাও দিয়ে দিয়েছে ফিফা। টাকা পেয়ে বাফুফে নড়েচড়ে বসেছে, ফেডারেশনের নতুন উন্নয়ন কমিটি বেশ কয়েকটি সভাও করেছে। কাল বাফুফের ভবনে সর্বশেষ সভাটা হয়েছে সাড়ম্বরে।সভা সূত্রের খবর, একাডেমির জন্য আপাতত অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ ফুটবলার নেওয়া হবে। প্রথমে উপজেলা পর্যায়ে, তারপর জেলায়। বিভাগ হয়ে সবশেষে ঢাকায় চূড়ান্ত বাছাই হওয়ার কথা। ঢাকার বাছাইয়ে ফিফার প্রতিনিধিদল আসতে পারে। মাস দুয়েকের মধ্যে এসব প্রক্রিয়া শেষ করে ৬০ জন খেলোয়াড় একাডেমিতে তোলার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন।গোটা প্রক্রিয়ার তাৎপর্যপূর্ণ দিক হলো, এই প্রথম প্রতিভা বাছাই করতে উপজেলা পর্যায়ে যাচ্ছে বাফুফে। প্রতি উপজেলার বাছাইয়ে অন্তত ১০০ করে খেলোয়াড় এলেও প্রায় পাঁচ লাখ খেলোয়াড় যুক্ত হবে এই প্রক্রিয়ায়। উপজেলা পর্যায়ে বাছাই করবে স্থানীয় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।পরিকল্পনা অনেক হয়েছে, বাস্তবায়ন হবে তো? এই প্রশ্নে উন্নয়ন কমিটির প্রধান বাদল রায় কাল সভা শেষে জোর দিয়ে বললেন, ‘এবার অবশ্যই বাস্তবায়ন করব আমরা। আমাদের পরিকল্পনা হলো, আগামী এক বছরের মধ্যে বিভিন্ন এজ গ্রুপের ১০০-১৫০ খেলোয়াড় একাডেমিতে তোলা। আপাতত অনূর্ধ্ব-১৪ এবং ১৮ বিভাগে ৩০ জন করে খেলোয়াড় নিয়ে আমরা একাডেমি চালু করব।’একাডেমিতে সাধারণত কম বয়সী কিশোরদেরই নেওয়া হয়, যাতে দীর্ঘ মেয়াদে তাদের গড়ে তোলা যায়। কিন্তু বাফুফে শুরুতে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী ফুটবলার নেওয়ার পক্ষে বাদলের যুক্তি, ‘আপাতত ক্লাব পর্যায়ে ভালো কিছু খেলোয়াড় সরবরাহ করতেই একটু বেশি বয়সী খেলোয়াড় নেওয়া হচ্ছে। আমাদের এখনই খেলোয়াড় দরকার। তবে অনূর্ধ্ব-১২, ১৪ সহ অন্তত চার-পাঁচটা গ্রুপে খেলোয়াড় থাকবে একাডেমিতে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি।’একাডেমি হলে খেলোয়াড়দের সব দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে। শিক্ষা, আর্থিক সব সুযোগ-সুবিধা দিতে হবে। বাদল রায় এ বিষয়ে বলেছেন, ‘এসবই আমাদের মাথায় আছে। সবই বাস্তবায়ন করা হবে।’