বাফুফের একাডেমির খবর নেই
‘এই যে একাডেমির কোনো খবর নেই। আপনার খারাপ লাগছে না? আপনার নিয়োগ তো মূলত একাডেমির প্রধান কোচ হিসেবে?’রেনে কোস্টার মৃদু হাসেন। তাঁর মনে পড়ে কাজী সালাউদ্দিনের সেই প্রতিশ্রুতির কথা, ‘জুন নাগাদ ওটাকে চেলসির একাডেমির মতো করে দেবেন বলেছিলেন মিস্টার সালাউদ্দিন। কই এখন অব্দি কিছুই তো দেখছি না।’সিলেট বিকেএসপিকে ফুটবল একাডেমিতে রূপান্তর করার প্রক্রিয়া থমকে আছে বেশ কয়েক মাস ধরে। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে রীতিমতো ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরু হয়েছে বাফুফের। এ অবস্থায় জাতীয় দলের সাফ ক্যাম্প নিয়ে আছেন রেনে কোস্টার। অবশ্য এই ডাচ কোচ নিয়োগপ্রাপ্ত জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও।‘একাডেমি যখন হওয়ার হবে। জাতীয় দলেই এখন সব মনোযোগ দিচ্ছি’—রেনের একই কথার পিঠে প্রশ্ন ওঠে, একাডেমি এখনো প্রস্তুত না হওয়া তাঁর জন্য কতটা হতাশার? এবার জবাব, ‘এটা আমার বিষয় নয়। আমি হতাশ হব কেন? তবে হ্যাঁ, সবার মতো আমিও অপেক্ষা করছি।’কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। উচ্চ বেতনে কোচ এনে এখন একাডেমিই প্রস্তুত করতে না পারলে কেমন দেখায়! এ বছরের শুরুর দিকে ফিফার পরিদর্শক এসেছে ঢাকায়, তাদের উপস্থিতিতে একাডেমির জন্য ৬০ জন খেলোয়াড় বাছাইও করা হয়েছিল। সেই ছেলেদের অপেক্ষা আর শেষ হচ্ছে না। জুলাই চলছে, কবে নাগাদ তাদের একাডেমিতে তোলা যাবে কেউ জানে না।কোস্টার নিজেও অনিশ্চিত, ‘এখন শুনছি অক্টোবর নাগাদ শুরু হতে পারে। কিন্তু মনে হচ্ছে বছর খানেকও লেগে যেতে পারে। তবে আমি এসব নিয়ে মাথা ঘামাই না। ফুটবল ভালোবাসি। কাজ যেখানে পাব, করব।’কোস্টারকে একাডেমির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চেয়েও যেটি বড় মনে হচ্ছে, বাফুফে সভাপতির একটা স্বপ্নের অপমৃত্যুও হতে পারে। সিলেট বিকেএসপিকে ফুটবল একাডেমির উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণে সরকার দুই কোটি টাকা দিয়েছে বেশ কমাস আগে। কিন্তু কাজের টেন্ডার নিয়ে ভজকট লাগায় এনএসসি এখনো অবকাঠামোয় হাত দেয়নি। একই সঙ্গে কমলাপুর স্টেডিয়াম বাফুফেকে লিখে দেওয়া নিয়েও এনএসসির সঙ্গে বাফুফের চলছে তীব্র মতবিরোধ।এ নিয়ে মহা ক্ষুব্ধ বাফুফে সহসভাপতি বাদল রায় বলছেন, ‘সিলেট একাডেমির কাজের টেন্ডার নিয়ে নানা টালবাহানা করে কাজটা ঝুলিয়ে দিয়েছে এনএসসি। একইভাবে এনএসসির নির্বাহী কমিটির সভায় কমলাপুর স্টেডিয়াম বাফুফেকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হলেও এখন সমঝোতা স্মারক করার কথা বলা হচ্ছে। এনএসসির এই টালবাহানায় মৌখিকভাবে আমি এনএসসিকে বলেছি, দরকার নেই আমাদের সরকারি স্থাপনার। এ বিষয়ে আমরা রোববার সংবাদ সম্মেলন করতে পারি।’তাহলে কি সিলেট একাডেমি করা থেকে পিছিয়ে আসছে বাফুফে? সভাপতি সালাউদ্দিন নিজেও হতাশায় ভুগলেও আরেকটু দেখতে চান ‘আমরা আর দুই-তিন দিন দেখব। সবকিছু আমাদের অনুকূলে না এলে একটা কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে তো আর চলছে না।’একাডেমির জন্য ফিফা চার লাখ ডলার অনুদান দিয়েছে অনেক আগেই। অথচ এখন পর্যন্ত কাজের খবর নেই। কোস্টার সিলেট ঘুরে এসে বলছেন, ‘ওটা ভুতুড়ে জায়গা। ভয়ানক খারাপ লেগেছে আমার কাছে। একাডেমির কিছুই নেই।’ তাঁর পরামর্শ, ‘সিলেট অনেক দূরের পথ। ফেডারেশনের উচিত ঢাকার আশপাশে একাডেমি করা।’সেটি করতে গেলে আরও কয়েক বছর লাগবে। ফিফার এ-সংক্রান্ত অনুদানের সবই ফেরত যাবে। দেশের সম্মান কি যাবে আরও?