বাফুফের কাছে ক্লাবই আগে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ফুটবলারের কোটা নিয়ে বিতর্ক চলছিল। কাল বাফুফের সভায় ম্যাচপ্রতি সর্বোচ্চ চারজন বিদেশি খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। নিবন্ধন করানো যাবে সর্বোচ্চ সাতজন বিদেশি। নিয়মটা আগামী দুই মৌসুমের জন্য প্রযোজ্য।গতবার গোলরক্ষকসহ বিদেশি কোটা ছিল পাঁচ। নিবন্ধন কোটাও পাঁচ। এবার বাংলাদেশ লিগ কমিটি প্রথমে সর্বোচ্চ তিনজন বিদেশির অনুমতি দিতে চেয়েছিল। কিন্তু অবস্থানে অটল থাকতে পারেনি লিগ কমিটি। গত মৌসুমে বিদেশিদের স্রোতে জাতীয় দলের অনেক খেলোয়াড়ই চলে যান বেঞ্চে। তাই নতুন মৌসুমে বিদেশি কোটা সর্বোচ্চ তিনের বেশি হবে না বলেই প্রত্যাশা ছিল ফুটবলের প্রকৃত মঙ্গলকামী জনতার। সে আশায় গুড়ে বালি।মোহামেডানের চাপে সংখ্যাটা চার হয়েছিল। এতে সায় ছিল শেখ জামালেরও। খোদ বাফুফে সভাপতি পাঁচ বিদেশি খেলানোর পক্ষে অবস্থান নেন! আটজন বিদেশির নিবন্ধন দেওয়ারও দাবি তোলেন। তাঁর যুক্তি, এতে নাকি দেশের ফুটবলের মঙ্গল! তরুণেরা বিদেশিদের কাছ থেকে শিখতে পারবে।বাফুফের কালকের সভায় বিদেশি কোটা অন্তত পাঁচ করার জোরালো প্রস্তাব তোলেন একজন সদস্য। ওই সদস্য আবার মোহামেডানের ফুটবল ম্যানেজার। এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে না পারায় মোহামেডানের বিদেশির প্রতি ঝুঁকে পড়া।এ দেশে চাপ দিয়ে বিদেশি কোটা বাড়িয়ে নেওয়া কঠিন ছিল না কোনোকালেই। কারণ, সবার ওপরে ক্লাবের স্বার্থই শিরোধার্য! তবে আশার কথা, শেষ পর্যন্ত সমালোচনার ভয়ে কাল সংখ্যাটা চার থেকে পাঁচ করা হয়নি। মোহামেডান এ ক্ষেত্রে তেমন সমর্থন পায়নি।জাতীয় দলের কোচ নিকোলা ইলিয়েভস্কিরও সমর্থন নেই, ‘মালয়েশিয়ায় এবার বিদেশি নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে সর্বোচ্চ তিনজন হতে পারে। চারজন হওয়াটা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। এতে তো বাংলাদেশ জাতীয় দলের জন্য আমাকে বিদেশি খেলোয়াড় বাছতে হবে (হাসি)!’প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন সভায় আরও সিদ্ধান্ত, বাংলাদেশ লিগের নতুন নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দ্বিতীয় স্তরের নাম মেজর লিগ ঠিক করা হলেও সেটি হয়ে গেল ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ’। বিদঘুটে নাম!ওদিকে মাঠে নামার আগে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর নিয়ে নাটক চলছেই। নানা দেনদরবারের পর জানানো হয়েছিল ছয়টি দল নিয়ে দ্বিতীয় স্তর হবে। কিন্তু সকাল-বিকেলই সিদ্ধান্ত পাল্টানোর ধারাবাহিকতায় কাল আরেকটি দল (উত্তর বারিধারা) অন্তর্ভুক্ত হয়েছে।পাতানো খেলা বন্ধে ৬ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি হয়েছে। এ সভায় অনুমোদিত লিগ বাইলজে আছে, পাতানো ম্যাচের পয়েন্ট বাতিলের পাশাপাশি আরও ৬ পয়েন্ট জরিমানা। সারা বিশ্বে পাতানো খেললে সংশ্লিষ্ট দল অবনমিত হয়। বাংলাদেশ সেই পথে যেতে রাজি নয়!এ ছাড়া লিগে শীর্ষ দুই দলের পয়েন্ট সমান হলে দুটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে খেলবে। ফলাফল ড্র থাকলে অতিরিক্ত ৩০ মিনিট এবং প্রয়োজনে টাইব্রেকারে নিষ্পত্তি হবে।