বাফুফের কাছে ভোট চাইল কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা-এএফসির ভোটের রাজনীতি মানে বিশাল ব্যাপারস্যাপার। রীতিমতো চার্টার্ড বিমান নিয়ে এসে ভোট প্রার্থনা! এই অভিজ্ঞতার সঙ্গে বাফুফের পরিচয় আগেই হয়েছিল। কাল হলো আরেকবার।আগামী ২ মে ফিফার সদস্যপদে নির্বাচনে প্রার্থী হয়েছেন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সিইও হাসান আল তাওয়াদি। তাঁর জন্য ভোট চাইতে কাতার ফুটবলের রথী-মহারথীরা ঢাকায় কাটিয়ে গেলেন কয়েক ঘণ্টা। বাফুফের প্রতিশ্রুতি নিয়েই দলটি সন্ধ্যায় ফিরে গেছে। ভোট চাইতে পরের গন্তব্য ভারত ও পাকিস্তান।ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি দলটিকে নিয়ে আসা হয় স্থানীয় একটি হোটেলে। সেখানে এক ঘণ্টার কিছু বেশি সময় আলোচনা হয়েছে দুই পক্ষে। ইতিপূর্বে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাতারের সহায়তা চান। ভোট প্রার্থনার পাশাপাশি সে বিষয়টি নিয়েও এদিন কথা হয়েছে। বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করে গেছে কাতার। তবে ‘নগদ’ কোনো প্রতিশ্রুতি দেয়নি।অনেকেরই ধারণা ছিল, এই সফর থেকে কাতার হয়তো কোনো ঘোষণা দিয়ে যাবে বাংলাদেশের জন্য। সেটি না দেওয়ার কারণটা বললেন সালাউদ্দিন, ‘আমরা চাইলে এক দুই লাখ ডলারের প্রতিশ্রুতি এখনই নিতে পারতাম। কিন্তু তা নিয়ে লাভ নেই। বৃহত্তর পরিসরেই চাইতে হবে সহায়তা। এ আলোচনায় কাতার একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট চেয়েছে আমাদের কাছে। একাডেমি, জাতীয় দল, ভিশন ২০২২ নিয়ে তারা বাংলাদেশকে সহায়তা করবে।’সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, কাতারের প্রতিনিধিদলটি ভোটের প্রচারণায় এসেছে ঢাকায়। বাংলাদেশকে সহায়তা করার প্রসঙ্গটি ছিল সম্পূরক। এ কারণেই কিনা উপস্থিত কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খালিফা আল থানি কোনো প্রশ্নেরই উত্তর দেননি।