বাফুফের চমকহীন বর্ষপঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে কখনো ফুটবলের বর্ষপঞ্জি এত ঘটা করে সংবাদমাধ্যমের হাতে তুলে দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কালই প্রথম হলো সেটা। কিন্তু বর্ষপঞ্জি হাতে পাওয়ার পর দেখা গেল নতুনত্ব কিছুই নেই। গত মৌসুমে বাফুফে এটা প্রকাশই করেনি। এবারও যেন নামকা ওয়াস্তে দেওয়া হলো। এখন এটা কতটুকু অনুসরণ করা হয় সেটাই দেখার। গত মৌসুমে নিয়মিত টুর্নামেন্ট স্বাধীনতা কাপ ও কোটি টাকার সুপার কাপ হয়নি। শুধু লিগ এবং ফেডারেশন কাপ দিয়েই শেষ করা হয় মৌসুম।নতুন বর্ষপঞ্জিতে রয়েছে দলবদলের তারিখ, ফেড শিল্ড, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ, সুপার কাপ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ফুটবল, পাইওনিয়ার ফুটবল লিগ, মহানগর স্কুল ফুটবল, ডানোন কাপ, জেএফএ কাপ, চ্যাম্পিয়নস ক্লাব কাপ, মহানগর মহিলা ক্লাব লিগ, জাতীয় মহিলা ফুটবল লিগ, মহিলা করপোরেট লিগ, জাতীয় মহিলা স্কুল ফুটবল, মহানগর মহিলা স্কুল ফুটবল, মহিলা সুপার ফোর চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক সূচিতে আছে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ, এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট, এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব, এএফসি প্রেসিডেন্টস কাপ, এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল ফেস্টিভ্যাল ও সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। ফেডারেশন কাপের বাছাইপর্বকে বলা হচ্ছে ফেড শিল্ড। ৩০ আগস্ট যেটি দিয়ে শুরু হবে মৌসুম। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দলগুলো, সঙ্গে সার্ভিসেস, প্রথম বিভাগ এবং বিভিন্ন জেলাভিত্তিক দল এনে আয়োজিত হবে ফেড শিল্ড। সেখান থেকে ছয়টি দল খেলবে ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে। আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দলবদল শুরু ১৬ আগস্ট। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। তবে বিদেশিদের জন্য দলবদলের সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত। ৫ নভেম্বর প্রথম পর্ব শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিপিএলের দ্বিতীয় দলবদল ২৪ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি। আর বিপিএলের দ্বিতীয় পর্ব হবে ৬-২৮ ফেব্রুয়ারি। প্রিমিয়ার লিগের ১০টি দল খেলবে বঙ্গবন্ধু স্টেডিয়াম, ফেনী, টাঙ্গাইল ও কক্সবাজারে। চ্যাম্পিয়নশিপ লিগের দলবদল শুরু ১৬ আগস্ট, শেষ ১০ অক্টোবর। চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম পর্বের খেলা ১০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর। আর দ্বিতীয় দলবদল ২৪ ডিসেম্বর থেকে ২ জানুারি। দ্বিতীয় পর্বের খেলা হবে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি। স্বাধীনতা কাপ মার্চে, এপ্রিলে সুপার কাপ। আন্তর্জাতিক পর্যায়ের খেলাগুলোর মধ্যে ১-১১ সেপ্টেম্বর সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হবে শ্রীলঙ্কায়। কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপ সেপ্টেম্বরে। অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট হবে রাশিয়ায়, এটির সময়কাল ৪-১৪ জানুয়ারি। এএফসি চ্যালেঞ্জকাপের বাছাইপর্বের ভেন্যু চূড়ান্ত হয়নি, তবে খেলা ২-১৭ মার্চ। এএফসি প্রেসিডেন্টস কাপ ২-১২ মে। এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল ফেস্টিভ্যাল মে মাসে। সাফ অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতাও একই সময়ে। বর্ষপঞ্জি ঘোষণার সময় উঠে এল মাঠসংকটের প্রসঙ্গও। বাফুফে কর্মকর্তারা জানালেন, নৌবাহিনীর মাঠ ও সামরিক জাদুঘরের সামনের মাঠ অনুশীলনের জন্য নেওয়ার চেষ্টা চলছে।বর্ষপঞ্জি তো হলো। এটা মানা হবে কতটুকু? ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী আশাবাদী, ‘অতীতে আমরাই অনেক কিছু বলেছি। কিছু পেরেছি কিছু পারিনি। কিন্তু গত চার বছর চেষ্টা করেছি ফুটবল মাঠে রাখতে। ঢাকায় সব খেলা মাঠে রাখলেও জেলা পর্যায়ে সেটা পারিনি। এই বছর আশা করি পারব।’ বর্ষপঞ্জিতে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট না থাকার ব্যাখ্যা, ‘আমাদের পরিকল্পনায় এটাও আছে। কিন্তু কবে করব সেটি এখনই বলতে পারছি না। টুর্নামেন্ট যাদের নিয়ে করব তাদেরও তো বাংলাদেশে আসার মতো সময় থাকতে হবে। তবে আশা করছি, এ বছরই একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে।’