বাফুফের চাপে শেষ পর্যন্ত ক্লাবগুলোর অনূর্ধ্ব-১৬ দল
বাফুফের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত পথে এসেছে ক্লাবগুলো। নানা সীমাবদ্ধতার কথা বলে এত দিন পেশাদার লিগের দলগুলো যুব দল গড়েনি। অনেক দেরিতে হলেও পেশাদার লিগের দলগুলো অবশেষে নিজস্ব অনূর্ধ্ব-১৬ দল গড়ার কথা ভাবছে সক্রিয়ভাবে। শুরুটা হবে একটা অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট দিয়ে। ফেব্রুয়ারির মাঝামাঝি বাফুফে ভবনসংলগ্ন টার্ফ ও কমলাপুর স্টেডিয়ামে খেলা হওয়ার কথা। পেশাদার লিগের নয়টি দলেরই নিজ নিজ অনূর্ধ্ব-১৬ দল অংশ নেবে বাফুফে আয়োজিত এই টুর্নামেন্টে। পেশাদার ক্লাবগুলোকে যুব দল গড়তে অজস্রবার অনুরোধ জানিয়ে এসেছে বাফুফে। সর্বশেষ গত মৌসুমে প্রতিটি ক্লাবকে অন্তত এক মাস অনূর্ধ্ব-১৬ দলের ক্যাম্প করার অনুরোধ জানানো হয়। কিন্তু দু-একটি বাদে বাকিরা সাড়া দেয়নি। এবার পেশাদার লিগের সব দলেরই অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক করে নতুন আইন করে তা লিগের বাইলজে ঢুকিয়েছে বাফুফে। কাজেই এবার আর টালবাহানা করার সুযোগ পাচ্ছে না ক্লাবগুলো। ক্লাবে ক্লাবে অনূর্ধ্ব-১৬ দল গড়ার তৎপরতা এরই মধ্যে শুরুও হয়ে গেছে। যেটা পেশাদার ফুটবলে আবশ্যকীয় একটা শর্ত পূরণের পথে এক ধাপ এগোনোই। এর আগে জিনেদিন জিদানের সফরের সময় একদল কিশোরকে আবাহনী-মোহামেডানের জার্সি পরিয়ে প্রীতি ম্যাচ খেলানো হয়। বাফুফের টার্ফ উদ্বোধনের সময়ও এমন একটি ম্যাচ হয়েছিল। এখন যদি সব দলের অনূর্ধ্ব-১৬ দল থাকে, তাহলে ছোটরা নিয়মিতই এই সুযোগটা পাবে।সারা পৃথিবীতেই পেশাদার দলগুলোর যুব দল থাকে। সেখান থেকে খেলোয়াড়েরা আসে মূল দলে। প্রয়োজনে খেলোয়াড় বিক্রিও করা যায়। বাংলাদেশে এই ধারাটা নেই। ক্লাবগুলো দলবদলের সময় জাতীয় বয়সভিত্তিক বা স্কুল টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসা খেলোয়াড় কিনেই দায়িত্ব শেষ করে। ক্লাব কর্মকর্তারা এখন উপলব্ধি করেছেন, এভাবে চলতে পারে না। মোহামেডান তো সম্প্রতি অনূর্ধ্ব-১৬ দল গড়তে বিশেষ ক্যাম্প করেছে। ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ‘শুধু বাফুফের টুর্নামেন্টে খেলতে নয়, আমরা ভবিষ্যতে যুব দল তৈরি করব। আশা করছি, এই দল থেকে মূল দলে চার-পাঁচজন খেলোয়াড় পাব আগামী সময়ে।’ পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অন্যতম পরিচালক কাজী নাবিল আহমেদের কথা, ‘গত বছর নিয়ম মেনে আমরা অনূর্ধ্ব-১৬ খেলোয়াড়দের ক্যাম্প করেছি। এই প্রক্রিয়ায় ভবিষ্যতে অবশ্যই আমরা খেলোয়াড় তৈরি করব।’আরেক বড় দল শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের বলেছেন, ‘যুব দল গড়তে আমরা প্রথম বিভাগের বাড্ডা টিমটা নিয়েছি। ওমর নামের আফ্রিকান একজন কোচও এনেছি যুব দল তৈরি করার জন্য, যিনি আমেরিকায় থাকেন। ভবিষ্যতে যুব খেলোয়াড় তৈরি করে আমরা প্রয়োজনে বিক্রি করব।’ শেখ রাসেল ক্লাবের সভাপতি নুরুল আলম চৌধুরী বিষয়টা দেখছেন বাস্তবতার মানদণ্ডে, ‘মূল দলের খেলোয়াড়দেরই আমরা রাখার জায়গা পাই না। যুব খেলোয়াড়দের কোথায় রাখব! পেশাদার লিগটা শুরুই হয়েছিল অপরিকল্পিতভাবে। এই অবস্থায় যুব দল তৈরির প্রক্রিয়া কতটা এগিয়ে নেওয়া যাবে, ভবিষ্যৎই বলবে।’ বাফুফের বাংলাদেশ লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী দেখাতে চান আর বড় স্বপ্ন, ‘সামনে অনূর্ধ্ব-১৬ লিগ করার চিন্তা আছে আমাদের। এটা যুব ফুটবল উন্নয়ন কর্মসূচিরই প্রকল্প।’ উপলক্ষ যা-ই হোক, এ উদ্যোগ ঘরোয়া ফুটবলের ভিত্তি শক্তিশালী করবে।