বাফুফের চ্যাম্পিয়নশিপ লিগ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার লিগের দ্বিতীয় স্তর থেকেই দল ওঠানামা করবে মূল পর্বে। সেদিক থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগটা গুরুত্বপূর্ণ। কিন্তু গতবার এটি প্রথম শুরু করলেও ছিল অনেক সমস্যা। নামমাত্র একটা প্রতিযোগিতা হয়েছে। আজ শুরু চ্যাম্পিয়নশিপ লিগের দ্বিতীয় আসরটা কি অর্থবহ হবে? এই প্রশ্ন সামনে নিয়েই আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলছে ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। এর পর থেকে ম্যাচ চলবে কমলাপুর স্টেডিয়ামে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবার প্রতিটি দল একটি করে ম্যাচ খেলবে। ৮ দলের এই ‘ডাবল লিগে’ প্রতি দলের ম্যাচ ১৪টি করে। প্রিমিয়ার লিগে উঠবে একটি দল। নামবে দুটি।ঢাকার বাইরের দল শুধু চট্টগ্রাম আবাহনী। বাকি ৭ দলই ঢাকার। ফরাশগঞ্জ ছাড়াও আছে রহমতগঞ্জ, উত্তর বারিধারা, ওয়ারী, ভিক্টোরিয়া, অগ্রণী ব্যাংক, ঢাকা ইউনাইটেড। এবারও লিগের পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংক। স্পনসরের ২০ লাখ টাকাই দলগুলো পাবে। লিগে এবারও বিদেশি খেলোয়াড়দের খেলার অনুমোদন নেই। তবে গতবার খেলোয়াড়-সংকট থাকলেও এবার সেই সমস্যা অনেকটা দূর। তৃণমূলে সম্প্রতি কিছু টুর্নামেন্ট হওয়ায় খেলোয়াড় উঠে এসেছে।চ্যাম্পিয়নশিপ লিগে গতবারের চ্যাম্পিয়ন কক্স সিটি এবার বাংলাদেশ লিগে উত্তীর্ণ হলেও খেলেনি। বাফুফে দলটিকে পাঁচ বছর নিষিদ্ধ করেছে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী গতবার চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হলেও তাদের প্রশ্নবিদ্ধ-প্রক্রিয়ায় রেখে দেওয়া হয়েছে। গতকাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পেশাদার লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী বললেন, ‘আমরা এবার ভালোভাবে লিগ আয়োজন করতে চাই।’ প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাজেদুর রহমান দিলেন ভবিষ্যতেও ফুটবলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি।