বাফুফের জাতীয় দল কমিটি পুনর্গঠন
বাফুফের জাতীয় দল কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নয় সদস্যের পরিবর্তে পাঁচ সদস্যের কমিটি হবে। মাথাভারী কমিটির প্রয়োজন নেই বলে উপলব্ধি করছেন নীতিনির্ধারকেরা।সম্প্রতি শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের ব্যর্থতায় ক্ষুব্ধ ছিলেন বাফুফের সভাপতি। সবকিছু ঢেলে সাজানোর কথা তখনই বলেছিলেন তিনি। তারপর বিষয়টা নিয়ে আলোচনা করেছেন জাতীয় দল কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদের সঙ্গে। নাবিলের পরামর্শেই জাতীয় দল কমিটি পুনর্গঠন করছেন সালাউদ্দিন।আলোচনায় ঠিক হয়, বর্তমান পূর্ণাঙ্গ কমিটি আর রাখা হবে না। সভাপতি থাকছেন নাবিলই। তাঁর সঙ্গে যুক্ত হবেন চারজন সদস্য। কয়েক দিন পর নেওয়া হবে নতুন সদস্যদের।বিদায়ী কমিটির কো-চেয়ারম্যান ছিলেন সাংসদ শামসুল হক চৌধুরী। সদস্যরা ছিলেন মোহাম্মদ মহসিন, খোরশেদ বাবুল, জসিমউদ্দিন (জোসি), সত্যজিৎ দাস (রুপু), আমিরুল ইসলাম (বাবু), আরিফ হোসেন (মুন) ও ইকবাল হোসেন।বাফুফের জাতীয় দল কমিটিটা বেশ গুরুত্বপূর্ণ একটি সাব কমিটি। কিন্তু এটি আসলে কার্যকর ভূমিকা অতীতে রাখতে পারেনি। মূলত কমিটির সভাপতিই সর্বেসর্বা। অন্যরা নামে কমিটিতে থাকেন, অনেকে খবরও রাখেন না কী হচ্ছে। কিংবা কমিটিকে সহায়তা করার ক্ষমতাও তাঁরা রাখেন না। তার চেয়ে বরং নানা সমস্যাই বাধান অনেকে।তবে এবার মাত্র মাস চারেক টিকল কমিটি। এর আগে কমিটি ছিল তো ছিলই, কোনো জবাবদিহির বালাই ছিল না। আগের জাতীয় দল কমিটি কোচ এনেছে আর বিদায় করেছে। এবার অল্প দিনেই জাতীয় দল কমিটির সভাপতিও মনে করেছেন, নতুন করে কমিটি করা দরকার। তাই এমন ব্যতিক্রমী উদ্যোগ।