বাফুফের টার্ফে জাতীয় দলের অধিকার নেই!
জাতীয় দলের প্রাধান্য নাকি সবকিছুর আগে। কিন্তু অবিশ্বাস্য শোনালেও সত্য, নেপালগামী জাতীয় ফুটবল দলকে কাল বিকেলে বাফুফের টার্ফে অনুশীলন করতে দেয়নি স্থানীয় তরুণেরা! বালুর মাঠ নামে পরিচিত মাঠটায় সম্প্রতি ফিফার দেওয়া টার্ফ বসিয়েছে বাফুফে। তবে এ নিয়ে বছর চারেক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রীতিমতো ‘যুদ্ধ’ হয়েছে। স্থানীয়রা টার্ফ বসাতে দিতে চায়নি। টার্ফ সবার জন্যই উন্মুক্ত রাখার শর্তে দুই পক্ষে চুক্তি হয় মাস কয়েক আগে। সেই থেকে টার্ফে রাজত্ব স্থানীয়দেরই। স্থানীয় কিশোর-তরুণেরা টার্ফে খেলে। প্রয়োজনে বাফুফে তা ব্যবহার করে। তবে তা স্থানীয়দের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। পরশু জাতীয় দল ৮১ থেকে ২৮ জনে নামিয়ে আনার পর কাল খেলোয়াড়েরা টার্ফে অনুশীলন করতে যান। সে সময় ওখানে খেলছিল স্থানীয় তরুণেরা। কিন্তু তারা মাস্তানের ভূমিকায় অবতীর্ণ হয়ে টার্ফ থেকে বিস্ময়করভাবে বের করে দেয় জাতীয় ফুটবলারদের। স্ট্রাইকার এমিলির বর্ণনায়, ‘আমরা টার্ফে যাওয়ার পর ওরা আমাদের বলল এখানে আমরা খেলছি। আপনারা চলে যান। আমরা আর কী করব। বাধ্য হয়ে চলে এলাম।’ফুটবলাররা সংযম না দেখালে হাতাহাতিও হতে পারত! যেটুকুই ঘটেছে, ফুটবলের জন্য তা বড় লজ্জার। ফুটবলারদের নির্বিঘ্ন অনুশীলন নিশ্চিত করতে না পারার দায় বাফুফের কাঁধেই বর্তায়। খবর পেয়ে জাতীয় দলের ব্যবস্থাপনা কমিটির সদস্য সত্যজিৎ দাস ও জসিমউদ্দিন জোসি ভবন চত্বরে আসেন। এঁদের কেউই স্থানীয় তরুণদের এমন আচরণ মানতে পারেননি। রুপুর কথা, ‘জাতীয় দলের অগ্রাধিকার সবকিছুর আগে। স্থানীয়রা কাজটা ঠিক করেনি।’ স্থানীয় তরুণদের দাবি, আগে বললে তারা টার্ফ ছাড়ত। তারা নাকি ম্যাচ খেলছিল। এ জন্যই জাতীয় দলকে ছাড় দেয়নি!পরে কোচ সাইফুল বারী কয়েক হাত পাশেই বাফুফে ভবন চত্বরে অনুশীলন করান জাতীয় দলকে। যা ঘটেছে সেটিকে দুঃখজনক বললেও কোচের দাবি, এ দিন টার্ফে অনুশীলন করার সূচি তাঁর ছিল না। তবে খেলোয়াড়েরা বলেছেন, টার্ফেই অনুশীলন সূচি ছিল। কোচ হয়তো কোনো কারণে বিষয়টা এড়িয়ে যেতে চেয়েছেন।