বাফুফের দরবারে ক্লাব জোটের দাবিনামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার লিগের নয়টি ক্লাব জোট করেছে তিন দিন আগে। ধারণা করা যাচ্ছিল, অচিরেই বাফুফের দরবারে একগুচ্ছ দাবিনামা নিয়ে হাজির হবেন জোটের কর্তারা। হলোও তা-ই। গতকালই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে নয়টি লিখিত দাবি পেশ করেছে নবগঠিত ক্লাব জোট।জোটের আহ্বায়ক শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদেরের নেতৃত্বে প্রতিনিধিদল বাফুফের ভবনে যায়। দুই পক্ষের দীর্ঘ আলোচনায় উঠে আসে ফুটবলের বর্তমান হালচাল। তবে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসেনি এই আলোচনা থেকে।ক্লাবের দাবি—ক্লাবের আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে প্রস্তাবনা প্রণয়ন এবং ক্রীড়া মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ, ক্লাব পৃষ্ঠপোষকের আয়কর মওকুফ, জাতীয় দলের খেলার সূচি ঘরোয়া বর্ষপঞ্জিতে প্রণয়ন, পেশাদার লিগ কমিটি ও রেফারিজ কমিটির নিবিড় সমন্বয়, ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে সুসম্পর্ক ধরে রাখতে নীতি প্রণয়ন, এক খেলোয়াড় একাধিক ক্লাব থেকে যেন অগ্রিম নিতে না পারেন সেই ব্যবস্থা গ্রহণ, জাতীয় দলের হয়ে খেলে আহত হলে ওই খেলোয়াড়কে বাফুফের ক্ষতিপূরণ, ক্লাবগুলোর কর্মকাণ্ডে পেশাদারি আনতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ক্লাবগুলোর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে উদ্যোগ নেওয়া।মৌখিকভাবে জোটের কর্তারা লিগ কমিটিতে ক্লাবগুলোর প্রতিনিধি চেয়েছেন। তাঁদের দাবি, রেফারিজ কমিটিকে ঢেলে সাজাতে হবে, যদিও ম্যাচে রেফারিদের নিয়োগ দেবে লিগ কমিটি। ন্যাশনাল টিমস কমিটিতে থাকতে হবে ক্লাবের প্রতিনিধি। তবে উল্লেখযোগ্য যে, এবার লিগে খেলা কমে গেলেও খেলা বাড়াতে সম্মিলিত কোনো দাবি তোলেনি ক্লাব জোট।এসব বিষয়ে সালাউদ্দিন পরে সাংবাদিকদের বলেছেন, ‘দুই পক্ষেরই কিছু সমস্যা আছে। সবকিছু সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ পাতানো খেলার প্রশ্নে তাঁর কথা, ‘এখন তো পাতানো খেলা শূন্যের কোঠায় চলে এসেছে।’ তবে ঘটনা হলো, গত মৌসুমে তিনটি ম্যাচ প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ উঠেছে এবং দুটির তদন্ত এখনো চলছে।তবে এসব কিছু নয়, সালাউদ্দিন দৃষ্টি মেলছেন সুদূরে, ‘২০২২ সালের কাতার বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই আমরা।’ সন্দেহ নেই, সালাউদ্দিন একটু বেশিই স্বপ্নচারী হয়ে পড়েছেন। তবে এর পক্ষে তাঁর যুক্তিও আছে, ‘একটা লক্ষ্য তো আমাদের থাকতে হবে।’