বাফুফের দায়িত্বহীনতায় আশাহত দর্শক
এএফসি চ্যালেঞ্জ কাপের গতকালের বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচটি সরাসরি সম্প্রচার করার কথা ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার। বাকি ম্যাচগুলোও তারা সম্প্রচার করবে এমনই একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল পরশু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু কাল খেলা সম্প্রচার করতে পারেনি এটিএন বাংলা।বাংলাদেশের ম্যাচটি দেখতে না পেয়ে প্রথম আলোর কার্যালয়ে টেলিফোন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অসংখ্য দর্শক। খোঁজ নিয়ে জানা গেছে, এত বড় মাপের একটা টুর্নামেন্টের খেলা সম্প্রচার করার সিদ্ধান্তটা এটিএন বাংলা নিয়েছে একেবারে শেষ মুহূর্তে। পরশু রাতে এ জন্য একজন প্রকৌশলীকে নেপালে পাঠানো হয় তাড়াহুড়ো করে। এটিএন বাংলা খেলা দেখাবে এমন নিশ্চয়তা পেয়েই সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আমাকে নেপাল থেকে ডা. অনুপম হোসেন এটা নিশ্চিত করেছিল।’ কিন্তু বাস্তবতা হচ্ছে ডা. অনুপম হোসেন এটিএন বাংলার দায়িত্বশীল কোনো কর্মকর্তাই নন! তাহলে তাঁর কথায় কেন এভাবে সম্প্রচারের বিষয়টি সবাইকে জানানো হলো? এটিএন বাংলার সিনিয়র সহসভাপতি তাশিক আহমেদ বললেন, ‘অনুপম আমাদের এখানে ৩-৪টা অনুষ্ঠান করেন। আর ক্রীড়া পরামর্শক হিসেবে আছেন। তবে তিনি আমাদের এমপ্লয়ি নন।’ অবশ্য এই কর্মকর্তা দায় চাপিয়েছেন প্রযুক্তির ঘাড়ে, ‘এটা আসলে টেকনিক্যাল সমস্যা। নেপাল থেকে ফিড রিসিভ করতে সমস্যা হচ্ছিল। দুর্বল সিগন্যাল পাওয়া যাচ্ছিল। এ জন্য চাইলেও খেলা দেখাতে পারিনি। তবে আশা করি পরের ম্যাচগুলো দেখাতে পারব।’ এই একই কথা জানিয়ে বাফুফেও কাল আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছে ফুটবলপ্রেমী দেশবাসীর কাছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় দায়িত্ব নেওয়ার আগে অন্তত শতবার ভাবা উচিত ছিল বাফুফের।