বাফুফের দুঃখ প্রকাশ ও পদত্যাগ নাটক
সাফ ব্যর্থতার কারণ খুঁজতে কোচ নিকোলা ইলিয়েভস্কি এবং অধিনায়ক সুজন, সহ-অধিনায়ক আরিফুলকে গতকাল তলব করেছিল বাফুফে। তাঁদের সঙ্গে বসেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও হাজির। আভাস-ইঙ্গিতে মনে হচ্ছিল, কোচের চাকরি বোধ হয় শেষ!কিন্তু তাড়াহুড়োর পথে হাঁটেননি কর্তারা। তবে সালাউদ্দিন তদন্ত কমিটি করার ঘোষণা দিলেও সেটির খবর নেই। ওদিকে ব্যবস্থাপনা কমিটি থেকে কাল নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন গোলাম রব্বানী (হেলাল)। তাঁর কথা, ‘যে কমিটি খেলোয়াড়দের একটা ভালো জার্সি দিতে পারে না, তাতে থেকে কী লাভ? এই কমিটি পুরোপুরি ব্যর্থ।’জানা গেছে, এই তলবি সভায় হেলাল প্রশ্ন করেন, সাফ দলের ম্যানেজার পদে জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়কে কার স্বার্থে শেষ সময়ে নিয়োগ দেওয়া হয়েছে? এ নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে।কমিটির চেয়ারম্যান বাদল রায় পরে সংবাদ ব্রিফিংয়ে নিয়েছেন কৌশলী অবস্থান। অনেক প্রশ্নই পাশ কাটিয়ে গেছেন। দেশের ফুটবলের সামগ্রিক পরিবর্তনের পক্ষে বাফুফে কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি। একটা একাদশ দাঁড় করাতে না পারার জন্য কোচকে দোষ দেওয়াই যায়, তবে সাফে বাফুফের পরিকল্পনা কতটা নিখুঁত ছিল, সেটিও বড় প্রশ্ন।দলে একজন ট্রেনার নেই, বিদেশি ফুটবলারে ঘরোয়া লিগ সয়লাব, সুদূরপ্রসারী পরিকল্পনাহীনতা, জোড়াতালির মানসিকতা, খেলোয়াড়দের ব্যক্তিগত চেষ্টায় ঘাটতি, মেধাশূন্যতা—সব মিলিয়ে সাফের এই দুরবস্থা। তিন ম্যাচের দুটিতে হার, একটি ড্র—সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় বাংলাদেশের জন্য খুবই লজ্জার। তবে এত কিছুর পরও টিভি ক্যামেরা প্রীতি কাটেনি বাফুফের অনেকের। এ সভার খবর প্রিন্ট মিডিয়াকে না জানিয়ে সব টিভিকে ডেকে নেওয়া তারই উদাহরণ।সভার পর সাফ ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করলেন বাদল। তাঁর কথা, ‘আমরা কোচের কথায় সন্তুষ্ট নই। তাঁর কাছে লিখিত চেয়েছি। অন্যদেরও ব্যাখ্যা নেওয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত। খেলোয়াড়দের ব্যক্তিগত চেষ্টা দেখা যাচ্ছে না। যেমন এমিলি। সে দেশের সেরা স্ট্রাইকার হয়েও নিজেকে কতটা তৈরি করে প্রশ্ন আছে। এসবই হতাশার।’সালাউদ্দিন বলছেন, ‘কোচ এত দিন বলেছে অনুশীলন ভালো হয়নি। আজ বলল, লিগ ছিল না...। তাঁর কথা গ্রহণযোগ্য মনে হয়নি। খেলোয়াড়েরা বলেছে, কোচের পরীক্ষা-নিরীক্ষায় ভীত ছিল তারা। এটাও গ্রহণযোগ্য নয়।’ বাফুফে সভাপতির ইঙ্গিত, ইলিয়েভস্কির বিদায় সময়ের ব্যাপার মাত্র। ২৫-৩০ হাজার ডলারে দামি কোচিং স্টাফই আনার চেষ্টা করবেন ভবিষ্যতে। নইলে ‘সস্তা’ কোচ আর আনবেন না।ইলিয়েভস্কি তৈরি হয়েই আছেন, ‘আমার হাতে ভালো খেলোয়াড় ছিল না। প্রস্তুতিও ভালো হয়নি। তাই সাফে ফল আসেনি। এখন ফেডারেশন যা করার করবে, আমার কী করার আছে!’