বাফুফের নির্লিপ্ততায় মাঠে লঙ্কাকাণ্ড
গ্যালারিতে ছিল ১০-১২ হাজার দর্শক। ম্যাচের পর ঢুকে পড়ল আরও কয়েক হাজার। কেউ মোহামেডান কোচকে ঘেরাও করে কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করতে ব্যস্ত। কেউ পোস্টের জাল ছিঁড়ছে। কেউ তাঁবুতে লাথি মারছে, ঢিল ছুড়ছে।এমন লঙ্কাকাণ্ডই দেখল কালকের বঙ্গবন্ধু স্টেডিয়াম। শেখ রাসেলের কাছে হেরে ফেড কাপ থেকে মোহামেডানের বিদায় মানতে পারেনি দলটির সমর্থকেরা। তাই মাঠে অবাধে ঢুকে এই সমর্থকেরা যা ইচ্ছা তাই করল। খেলোয়াড়েরা এগিয়ে না এলে মোহামেডান কোচ সাইফুল বারীর (টিটু) রক্তাক্ত শরীরই হয়তো বের হতো স্টেডিয়াম থেকে।এর আগেও এমন হয়েছে। মাঠে বিনা বাধায় হাজার হাজার লোক ঢুকেছে। বাফুফে তার পরও কোনো ব্যবস্থা নেয়নি। মাঠে পুলিশ থাকে, কিন্তু তারা তামাশা দেখে। বাফুফের কোনো নির্দেশনা নেই। থাকবে কীভাবে, বাফুফের দায়িত্বশীল কর্মকর্তারা মাঠে আসেন না। খেলা দেখেন না। টিভিতে চেহারা দেখানোর সুযোগ থাকলে অবশ্য আসেন। কেউ কেউ আসেন বিশেষ কোনো দলের খেলা থাকলে।এ অবস্থায় বাফুফের কিছু কর্মীর পক্ষে এত বড় বিশৃঙ্খলা সামাল দেওয়া সম্ভব হয় না। তারা এদিক-সেদিক দৌড়াদৌড়ি করেন। কাজের কাজ কিছুই হয় না। কড়াকড়ি শুধু সাংবাদিকদের ক্ষেত্রে। কাল সাংবাদিকদের বলা হলো, ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট পর প্রতিক্রিয়া নিতে। কিন্তু ততক্ষণে হাজারো উটকো লোকে মাঠ সয়লাব। আরও আশ্চর্য, ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে নিভিয়ে দেওয়া হলো ফ্লাডলাইট। তখন একটা ভীতিকর অবস্থা তৈরি হয়। এ সময় কেউ কাউকে ছুরি মারলে দেখা যেত না। এতটাই অরক্ষিত হয়ে পড়েছিল স্টেডিয়াম।অতীতে এমন অঘটনের পর বাফুফে বলেছিল, ভবিষ্যতে আর হবে না। কিন্তু ব্যাপারটা নিয়মিতই ঘটছে। এ নিয়ে টানা তিন ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। কাল মোহামেডান সমর্থকদের অনেকে রেফারি তৈয়ব হাসানকে মারতে তেড়ে যায়। এমনকি ম্যাচ চলাকালে শেখ রাসেলের এক কর্মকর্তা ডাগ-আউট থেকে ছুটে গিয়ে সহকারী রেফারিকে ধাক্কা মারেন। পরে ওই কর্মকর্তাকে লাল কার্ড দেখিয়ে বের করে দেন রেফারি।সব মিলিয়ে এ যেন বাফুফের অব্যবস্থাপনার চূড়ান্ত বিজ্ঞাপন।