বাফুফের পরীক্ষাগারে ৮১ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সেরা ১৫-২০-এ বাংলাদেশকে নিয়ে যাওয়া হবে। সাপোর্ট স্টাফসহ হাই-প্রোফাইল কোচ আনা হবে জাতীয় দলের জন্য।জিমসহ সব সুযোগ-সুবিধা থাকবে জাতীয় দলের। জাতীয় দলকে বিদেশে পাঠানো হবে প্রদর্শনী ম্যাচ খেলতে।কত প্রতিশ্রুতি! কিন্তু বাস্তবায়ন নেই। কাজী সালাউদ্দিনের আগের চার বছর মেয়াদে অনেক প্রতিশ্রুতিই পূরণ হয়নি। এবার নতুন করে বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার আগে বলেছেন, বাংলাদেশকে এশিয়ার শীর্ষ সারিতে তুলে নেওয়াই তাঁর লক্ষ্য। কিন্তু নতুন মেয়াদেরও চার মাস পেরোল, জাতীয় দলের জন্য কিছুই করা হয়নি। এমনকি গত ডিসেম্বরের পর থেকে জাতীয় দল কোনো ম্যাচও পায়নি। ফিফা-এএফসির ম্যাচ নেই এ বছর। কাজেই জাতীয় দল এ বছর আর কোনো ম্যাচই খেলতে পারছে না।ম্যাচ দূরে থাক জাতীয় দলের কোনো কার্যক্রমই ছিল না গত আট মাসে। বিদেশি কোচ নেই। অবশেষে স্থানীয় কোচদের নিয়েই একটা উদ্যোগ দৃশ্যমান। জাতীয় দলের সর্বশেষ কোচ নিকোলা ইলিয়েভস্কির তত্ত্বই এ ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে। একঝাঁক খেলোয়াড়কে ক্যাম্পে এনে বাছাই করা। প্রতিষ্ঠিত এবং উঠতিসহ ৮১ জন ফুটবলার নিয়ে ৮-১০ দিনের একটা আবাসিক ক্যাম্প শুরু হবে আগামীকাল থেকে। লাল, সবুজ, কমলা, নীল—এই চারটি দলে ভাগ করা হয়েছে ফুটবলারদের। গত মৌসুমে সাইড বেঞ্চে কাটানো অনেক খেলোয়াড়ই আছেন তালিকায়। সংখ্যা বেশি বলে চোটের কারণে পুরো মৌসুমই বাইরে কাটানো খেলোয়াড়েরও ঠাঁই হয়েছে এতে। এটা যেন এক পরীক্ষাগার!অথচ সিনিয়র গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য নেই। গত মৌসুমে শেখ রাসেলের অধিনায়ক ছিলেন বিপ্লব, তাঁকে সম্ভবত ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হয়নি। তবে বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর আবু যোবায়েরের দাবি, পারফরম্যান্স দেখেই খেলোয়াড় বাছাই করা হয়েছে। যদিও ডাক না পাওয়া কারও কারও অভিযোগ, উর্ধ্বতনদের ক্লাব প্রীতির কারণে অনেকে ডাক পেয়েছেন। লিগে ভালো না করা নেহাতই একটা ছুতো।বর্তমান প্রক্রিয়ায় ভবিষ্যতে ভালো খেলার তৃষ্ণাটাই হারিয়ে যাবে খেলোয়াড়দের—বলেছেন অনেকে। যোবায়ের অবশ্য তা মানছেন না। যুক্তি-তর্ক যাই থাকুক, আগামীকাল রিপোর্টিং শেষে খেলোয়াড়দের আবাহনী, মোহামেডান ক্লাব এবং কমলাপুর স্টেডিয়ামে রেখে ক্যাম্প চালানো হবে একটা চমকই। বঙ্গবন্ধু, কমলাপুর স্টেডিয়ামসহ তিনটি মাঠে বাছাই কার্যক্রম ও দলগুলোর মধ্যে অনুশীলন ম্যাচ হবে।বাছাই করা খেলোয়াড়দের নিয়ে মূল জাতীয় দল গড়ার পরিকল্পনায় একটা ব্যাপার পরিষ্কার, এ দেশের জাতীয় দলে ডাক পাওয়াটা খুব সহজ হয়ে পড়েছে।পাশাপশি বিকল্প দলও নাকি গড়া হবে। এটি অবশ্য আরও আগেই হতে পারত। কোনো টুর্নামেন্ট এলে ‘এই মেয়ে তোর বিয়ে’ আওয়াজ তুলে নামকাওয়াস্তে অনুশীলন করে দল পাঠানো হয়। হোক তা ফিফা-এএফসির টুর্নামেন্টও। বলা হয়েছিল, সেপ্টেম্বরে জাতীয় দল শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচ খেলবে। কদিন আগে সংবাদ সম্মেলন করে তা জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টরের কথায় মনে হলো, সেপ্টেম্বরে শ্রীলঙ্কা-যাত্রা অনিশ্চিত। তিনি বরং বললেন, ‘ওরা শিডিউল দিলে সফরটা চূড়ান্ত হবে।’এই অনিশ্চয়তার মধ্যে অনূর্ধ্ব-১৮ দলকে জানুয়ারিতে রাশিয়ায় একটা টুর্নামেন্টে পাঠানোর কথাও বলা হচ্ছে। তবে অতীত অভিজ্ঞতা খুব একটা আশাবাদী হতে দিচ্ছে না। অনেক ক্ষেত্রেই বাফুফে কথা রাখেনি। টাকার অভাব, অথচ জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদি একটা স্পনসর জোগাড় করতে অপারগ বাফুফে। ম্যাচ জিতলে এর আগে বোনাস দেওয়া হতো এবং খেলোয়াড়দের ইনস্যুরেন্সও চালু করা হয়েছিল। হঠাৎ করেই তা বাতিলের খাতায়। গত বছর লেবাননকে হারিয়ে দেওয়া বাংলাদেশ জাতীয় দল এতদিন উদাসীনতার শিকার হয়ে ছিল বাফুফের। নেহরু কাপে গতবার আমন্ত্রণ পেয়েও না যাওয়ায় এবার আমন্ত্রণই পায়নি বাংলাদেশ। না খেলার সংস্কৃতির মধ্যে সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলে নেপালের কাছে ৪ গোল হজম ভয়ংকর এক ইঙ্গিত।এখন বলা হচ্ছে, নতুন পরিকল্পিত এই ক্যাম্পটা নাকি ইতিবাচক পরিবর্তনের পথে নিয়ে যাবে বাংলাদেশের ফুটবলকে। পরিবর্তন কী হবে, সময়ের হাতেই থাকছে এর উত্তর।