বাফুফের পাশে কাতার
বাংলাদেশের ফুটবলের জন্য একটা সুখবরই অপেক্ষা করছে। কাতারকে উন্নয়ন অংশীদার হিসেবে পাশে পাচ্ছে বাফুফে। কাজী সালাউদ্দিন পরশু দোহায় গিয়েছিলেন মূলত এই লক্ষ্যটা সামনে রেখেই। তা পূরণ হয়েছে বলে গত রাতে দোহা থেকে টেলিফোনে জানিয়েছেন সালাউদ্দিন।‘কাতার ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চেয়েছি। বিশেষ করে, আমাদের “ভিশন ২০২২” সফল করতে অংশীদার হিসেবে পাশে থাকবে ওরা। যা চেয়েছি, সবই ওরা দেবে। এখন এক মাসের মধ্যে বাফুফের পক্ষ থেকে একটা প্রস্তাবনা পাঠাতে হবে কাতারকে’—সালাউদ্দিনের কণ্ঠটা বেশ উৎফুল্ল শোনাল।কাতার ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে সালাউদ্দিনের এই আলোচনায় ছিলেন কাতারের যুবরাজ। তিনিও বেশ আগ্রহ দেখান বাংলাদেশের ব্যাপারে। সাফের সভাপতি হিসেবে সালাউদ্দিন এশিয়ার ফুটবলে একটা জায়গা করে নিয়েছেন। বাংলাদেশকে সহায়তার বিনিময়ে তাঁকে পাশে চায় কাতার।বাফুফের সিলেট একাডেমি দেখতে কাতার থেকে একটা প্রতিনিধিদল আসবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন। একাডেমির ব্যাপারে কী ধরনের সহযোগিতা করা যায়, সেটি বুঝতেই এই সফর। দুই দেশের জাতীয় দলের সফর বিনিময়, কাতারে বাংলাদেশ দলের ক্যাম্প আয়োজনেও রাজি হয়েছে কাতার। পাশাপাশি বাফুফের প্রস্তাবিত বঙ্গবন্ধু কাপে অংশগ্রহণের ব্যাপারটাও নিশ্চিত করেছে কাতার।