বাফুফের পাশে প্রধানমন্ত্রী
বাফুফের নতুন কমিটি কাল দেখা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রীর কাছে সরকারি অনুদান হিসেবে বার্ষিক ৩০ কোটি চাওয়া হয়। এর মধ্যে প্রতিবছর ১০ কোটি টাকায় বঙ্গবন্ধু কাপ আয়োজন, জেলার ফুটবলও আছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ যাতে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে আর্থিক বরাদ্দ দেয়, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বাফুফের কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত বাফুফের একজন সদস্য জানান, কর্মকর্তাদের মুখে দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন ফুটবলের কপর্দকশূন্য অবস্থার কথা জেনে অবাক হয়েছেন প্রধানমন্ত্রী। বাফুফে চলছে ধারদেনার ওপর। তহবিল পুরোপুরি শূন্য। এ অবস্থায় প্রধানমন্ত্রী বাফুফেকে বড় অঙ্কের একটা স্থায়ী আমানত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। বাফুফের নির্বাহী কমিটির চারজন বাদে বাকি সবাই ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে। নেতৃত্বে ছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের সহযোগিতা পেলে বাফুফের এ কমিটি বাংলাদেশের ফুটবলকে এশিয়ার সেরা ২০-এ নিয়ে যাবে।