বাফুফের পাশে রাশিয়া
ক্রীড়া প্রতিবেদকএক পাতার কাগজের ওপরে লেখা ‘দ্বিপক্ষীয় চুক্তি’। নিচে লেখা ‘সহযোগিতার চিঠি’। সই করেছেন কাজী সালাউদ্দিন ও সার্গেই ফুরসেনকো। প্রথমজন বাফুফের সভাপতি, দ্বিতীয়জন ফুটবল ইউনিয়ন অব রাশিয়ার সভাপতি।ফুটবল মানচিত্রের ভিন্ন শক্তি ও অবস্থানের দুটি দেশের ফেডারেশন সভাপতি একটা দ্বিপক্ষীয় চুক্তি (যদিও এটিকে সমঝোতা স্মারক বলাই ভালো) সই করেছেন। এটির মূল সুর—বাংলাদেশ-রাশিয়া পারস্পরিক ফুটবল সহযোগিতা বিনিময়।রাশিয়ার সে অর্থে বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কিছু নেই। লাভটা বাংলাদেশেরই। কেননা, রাশিয়ার কাছ থেকে বাংলাদেশের পাওয়ার আছে অনেক কিছু।চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় দল প্রদর্শনী ম্যাচ খেলবে দুই দেশের সুবিধাজনক সময়ে। দুই দেশের সর্বস্তরে ফুটসাল ম্যাচ হতে পারে। অনূর্ধ্ব-১৬, ১৯, ২৩ কিংবা আলোচনার ভিত্তিতে অন্য কোনো বয়সসীমার জাতীয় দলের মধ্যে ম্যাচ আয়োজনের কথাও আছে চুক্তিতে।সবচেয়ে উল্লেখযোগ্য, বিভিন্ন পর্যায়ের জাতীয় দলের ক্যাম্প করতে দুই দেশ একে অন্যকে সহযোগিতা করবে। যেমন, বাংলাদেশের যেকোনো পর্যায়ের কোনো অনুশীলন ক্যাম্প রাশিয়ার হতে পারে। সেটি পুরুষ-মহিলা দুই ক্ষেত্রেই প্রযোজ্য।সহযোগিতা চুক্তিই যখন, সীমানাটাও বেশ বড়। কোচেস ট্রেনিং, খেলোয়াড়, ম্যানেজার প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রেও সহযোগিতা থাকছে। একই সঙ্গে স্কুল ফুটবল, একাডেমির জন্য উন্মুক্ত থাকছে এই সহযোগিতা।জানা গেছে, রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে সমঝোতা চুক্তিটা হয়েছে। অনেক দিন ধরেই এটি নিয়ে নাড়াচাড়া চলছিল। বাংলাদেশের আগ্রহে সাড়া দিয়েছে রাশিয়া। চুক্তিতে আগে সই করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সেটি রাশিয়া পাঠানোর পর কাল সই করে পাঠিয়েছেন রুশ ফুটবল ইউনিয়নের সভাপতি। বলা বাহুল্য, এসবই হয়েছে ই-মেইলে।কাল সালাউদ্দিন বলছিলেন, ‘আমরা মূলত বয়সভিত্তিক স্তরে রাশিয়ার সহযোগিতা বেশি নিতে চাইব।’ আগামী অক্টোবরে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল হচ্ছে, বাংলাদেশ দলকে তার আগে রাশিয়ায় পাঠানোর চিন্তাভাবনা আছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।দ্বিপক্ষীয় সহযোগিতার কথা অতীতে বহু শোনা গেছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সেসব কথার কথাই রয়ে গেছে। বড় কোনো দেশের সহযোগিতা পাওয়া গেলেও সেটিকে এগিয়ে নেওয়া যায়নি। জার্মানির সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে সাংস্কৃতিক চুক্তির অধীনে ফুটবলে অনেক কিছুই পাওয়া গিয়েছিল একসময়। এখন আর তা নেই।জাপান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব-১৫ জেএফএ কাপের জন্য আর্থিক অনুদান দিয়ে আসছে অনেক দিন ধরেই। কিন্তু জেএফএ কাপ মাঝখানে বছর তিনেক হয়নি!‘রাশিয়ার সঙ্গে চুক্তির সুবিধা আমরা অবশ্যই নিতে সচেষ্ট থাকব’—জোর দিয়েই বললেন সালাউদ্দিন। সমঝোতা চুক্তি করা সহজ, বাফুফে এর সুবিধা নিতে পারবে কি না, সেটিই দেখার।