বাফুফের পেশাদারির হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে পেশাদারির কথা বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু কাজকর্মে চলছে চরম অপেশাদারি।একটা ব্যানার পর্যন্ত ঠিকমতো লিখতে পারে না এই বাফুফে। গ্রামীণফোন ফেডারেশন কাপ শুরু উপলক্ষে কাল আয়োজিত সংবাদ সম্মেলনের ব্যানারে গ্রামীণফোন বানান ভুল। ইংরেজিতে গ্রামীণের ‘এন’ শব্দটাই নেই! ইংরেজিতে বাংলাদেশ বানান লেখা হয়েছে বাংগালদেশ। তা দেখে উষ্মা প্রকাশ করেছেন বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী। বাফুফেতে পেশাদারি আনতে পারেননি বলে স্বীকার করেছেন তিনি।সবচেয়ে দৃষ্টিকটু, সংবাদ সম্মেলন ডেকে বাফুফের কর্মকর্তাদের খবর থাকে না। কাল নির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হয়েছে আধঘণ্টা পর। টিভি ক্যামেরার জন্য বসে থাকেন কর্তারা। টিভিতে চেহারা দেখানোই যেন মূল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! এক-দুই দিন নয়, এই কাণ্ড প্রতিটি সংবাদ সম্মেলনেই হচ্ছে।সাম্প্রতিক সময়ে কারণে-অকারণে সংবাদ সম্মেলন ডাকছে বাফুফে। দুই দিন আগে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠান হয়েছে, তার পরও কাল অহেতুক সংবাদ সম্মেলন ডাকা হলো। শুধু কক্স সিটি খেলবে না এটা বলার জন্যই ঘটা করে সাংবাদিকদের এনে বসিয়ে রাখলেন কর্তারা।একসময় বাফুফেতে কর্মী বাহিনী ছিল অনেক কম। ‘হাকিম ভাই, ‘লতিফ ভাই’রা দাপ্তরিক কাজকর্ম করতেন। কোনো সমস্যা হতো না। এখন কাজের পরিধি বেড়েছে, সেই অনুযায়ী লোক নিয়োগও দেওয়া হচ্ছে। কিন্তু পেশাদারি থেকে গেল শুধু মুখের বুলি হয়েই।