বাফুফের বর্ষপঞ্জি এবং ‘সময়ের অভাব’!
বাফুফের তৈরি করা বর্ষপঞ্জির অনেক প্রস্তাবিত আয়োজনই আলোর মুখ দেখে না। এই বর্ষপঞ্জিকে তাই আমলে নিতে চান না অনেকেই। তার পরও বাফুফের বার্ষিক কর্মপরিকল্পনার দলিল হিসেবে এটির গুরুত্ব আছেই। অথচ এবার নানা সমস্যা দেখিয়ে এই বর্ষপঞ্জিও তৈরি করছিল না বাফুফে। অবশেষে দেরিতে হলেও একটা খসড়া বর্ষপঞ্জি তৈরি করা হয়েছে, যা ফুটবলের জন্য বড় খবরই!খসড়া বর্ষপঞ্জিতে ঘরোয়া আয়োজনের মধ্যে আছে—অক্টোবরে ফেডারেশন কাপ, ডিসেম্বরে সুপার কাপ, আগামী জানুয়ারি থেকে মে পর্যন্ত বাংলাদেশ লিগ, অক্টোবরে ঢাকা মহানগর স্কুল চ্যাম্পিয়নশিপ, নভেম্বরে ঢাকা স্কুল ফুটসাল, মার্চে স্বাধীনতা দিবস ফুটসাল, এ বছরের নভেম্বরে জেএফএ কাপ (অনূর্ধ্ব-১৫), একই মাসে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ, আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্ট, একই মাসে ডানোন নেশনস কাপ (অনূর্ধ্ব-১২), এ বছরের সেপ্টেম্বরে মহিলা ক্লাব লিগ, অক্টোবর-নভেম্বরে জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ, ডিসেম্বরে মহিলা করপোরেট লিগ, জানুয়ারিতে মহিলা সুপার কাপ, অক্টোবরে পাইওনিয়ার লিগ ও ডিসেম্বর-ফেব্রুয়ারিতে দ্বিতীয়-তৃতীয় বিভাগ। বর্ষপঞ্জিতে ঢাকার সিনিয়র ডিভিশন ফুটবল নিয়ে কিছু বলা হয়নি।আন্তর্জাতিক ফুটবলসূচিতে এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চলতি সেপ্টেম্বরে, এশিয়ান গেমস নভেম্বরে, সাফ মহিলা ফুটবল ডিসেম্বরে, আগামী মে মাসে অনূর্ধ্ব-১২ মহিলা চ্যাম্পিয়নশিপ, এএফসি চ্যালেঞ্জ কাপ ৫-১২ মার্চ, ২০১২ অলিম্পিকের প্রাক-বাছাইয়ে বাংলাদেশের হোম অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ ২৩ ফেব্রুয়ারি ও ৭ মার্চ, এএফসি প্রেসিডেন্টস কাপ ৫-১৫ মে, বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচ ২৭ জুন ও ৩ জুলাই, অলিম্পিক মহিলা ফুটবলের বাছাই আগামী মার্চে। এই সময়ে বাফুফের নিজস্ব উদ্যোগে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে কিছু বলা হয়নি।খসড়া হলেও এটিই মোটামুটি চূড়ান্ত বর্ষপঞ্জি বলে বাফুফের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। চূড়ান্ত মতামতের জন্য এটি সব সদস্যের কাছে পাঠানো হয়েছিল ২৯ আগস্ট। গতকাল দুপুরের মধ্যে মতামত দিতে বলা হয়েছিল সবাইকে। জানা গেছে, দু-তিনজন ছাড়া আর কেউ মতামত জানাননি।কেন মতামত দেননি? জানতে চাইলে সদস্য শেখ মোহাম্মদ আসলাম যেমন বললেন, ‘আমি মতামত দেওয়ার সময়ই পাইনি। আরেকটু সময় দিলে ভালো হতো।’ আরেক সদস্য আজফার-উজ জামান সোহরাবের বিস্ময়, ‘মতামত দেওয়ার সময় কই! এক দিন সময় দেওয়া হয়েছে, এত অল্প সময়ে মতামত দেওয়া যায় নাকি? এত কিছু পড়ব কখন, আর পড়ে ভাবব কখন!’টুর্নামেন্ট নিয়ে কাজ করার দায়িত্ব টুর্নামেন্ট কমিটির। হারুনুর রশিদের নেতৃত্বাধীন সেই কমিটি পুনর্গঠন করে সহসভাপতি মনজুর হোসেনকে করা হয়েছে নতুন চেয়ারম্যান। কমিটিতে বদল হয়েছে, তবে বর্ষপঞ্জির কাজির গরুর মতো শুধু ‘কেতাবে আছে, গোয়ালে নেই’ ঐতিহ্যেরও বদল হলেই ভালো!