বাফুফের শুভ উদ্যোগ
ঘরোয়া ফুটবলের দৈন্যদশা ও সমস্যা নিয়ে বাফুফের দল ব্যবস্থাপনা কমিটি আজ সভায় বসবে জাতীয় দলের সাবেক ও বর্তমান ফুটবলারদের সঙ্গে। জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় মিলিয়ে প্রায় ৭৮ জন এই সভায় উপস্থিত থাকবেন। দর্শকদের মাঠমুখী করতে ও পাতানো খেলা রোধকল্পে খেলোয়াড়দের ভূমিকাটাই মূলত গুরুত্ব পাবে এই সভায়। পাতানো খেলার প্রস্তাব পেলেও যাতে খেলোয়াড়েরা প্রতিবাদ করতে পারেন, সেটাই বোঝানো হবে খেলোয়াড়দের। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘আমরা ফুটবলের নানা সমস্যা নিয়ে আলোচনা করব। সামনেই আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের খেলা। লিগের দ্বিতীয় পর্বের খেলাও শুরু হবে। এসব নিয়েও আলোচনা হবে।’ ফুটবলকে এগিয়ে নিতে সবার সাহায্যপ্রার্থী বাফুফে সভাপতি, ‘আমি নিজেও একজন সাবেক ফুটবলার। আমার নিজেরও কিছু অভিজ্ঞতা আছে। ওঁদেরও অভিজ্ঞতা আছে। সাবেক খেলোয়াড়েরা সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারবেন। প্রয়োজনে তাঁদের পরামর্শও নেওয়া হবে।’