বাফুফের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের
সিঙ্গাপুরে ডেভেলপমেন্ট টুর্নামেন্টে খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ মহিলা ফুটবল দল। কিন্তু টুর্নামেন্ট নিয়ে দলের কোচ-অধিনায়ক কী ভাবছেন, দলের লক্ষ্যই বা কী, সেসবের কিছুই তাঁদের মুখ থেকে জানা গেল না!
মতিঝিলের ফুটবল ভবনে কাল মেয়েদের সিঙ্গাপুর যাত্রা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল বাফুফে। কিন্তু তাতে বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারের (কিরণ) উপস্থিতির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন বয়কট করেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। মহিলা দলের ‘কিটস স্পনসর’ ওয়ালটনের সঙ্গে গত রোববার একটি চুক্তি সই অনুষ্ঠানে মাহফুজা গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার করেন। ফুটবলের বর্তমান অবস্থার জন্য সংবাদমাধ্যমকে দায়ী করে তিনি বলেছিলেন, সাংবাদিকেরা বাংলাদেশের ফুটবল সম্পর্কে নেতিবাচক রিপোর্ট করছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। সে জন্যই ফুটবলে সেভাবে স্পনসর আসছে না।
মাহফুজার এমন মন্তব্যে সাংবাদিকেরা কাল দাবি জানিয়েছিলেন, সংবাদ সম্মেলন হতে হবে তাঁকে ছাড়া। শুধু যেন দলের কোচ ও অধিনায়ক উপস্থিত থাকেন। মাহফুজা থাকলে ভবিষ্যতেও ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলন বয়কট করার কথাও জানিয়ে দেন তাঁরা। কিন্তু সাংবাদিকদের দাবি প্রত্যাখ্যান করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, মাহফুজাকে ছাড়া সংবাদ সম্মেলন করবে না ফেডারেশন। ‘সংবাদমাধ্যমকে আমরা কোচ, অধিনায়ক ও মহিলা উইংয়ের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার সুযোগ দিয়েছিলাম। সেই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। এখন আমরা তাদের বক্তব্য রেকর্ড করে বাফুফের ফেসবুক, টুইটার ও ওয়েবসাইটে দিয়েছি। সেখান থেকেই আপনাদের সংবাদ সংগ্রহ করতে হবে,’ বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক। এসব বিষয়ে জানতে চেয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাঁকে।
সাংবাদিকদের সঙ্গে মাহফুজার সংঘাত নতুন নয়। এর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন মহিলা দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের ছবি তুলতে একটি জাতীয় দৈনিকের ফটোসাংবাদিককে অনুমতি দেননি তিনি। সম্প্রতি বাফুফে ভবনে ঢুকতে দেননি আরেক ফটোসাংবাদিককে। বাফুফে ভবনে আবাসিক ক্যাম্পে থাকা অনূর্ধ্ব-১৬ মহিলা দলের ফুটবলারদের সঙ্গে কথা বলতেও অনেক কাঠখড় পোড়াতে হয় গণমাধ্যমকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সম্ভাবনাময় নারী ফুটবলের পথচলাই এখন হুমকির মুখে। বাফুফে অবশ্য এসব গুরুত্ব দিচ্ছে না। তবে বাইরে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। গণমাধ্যমের সঙ্গে মাহফুজার আচরণের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, বিএসজেএ।