ক্লাব আঙিনায় অনুশীলন করছে মোহামেডান। অনুশীলন দেখতে দেখতে দুই সাদা-কালো সমর্থক মশগুল হলেন পাতানো ম্যাচ নিয়ে আলোচনায়। শেখ জামালের জন্য ২০ লাখ টাকা জরিমানা কম হয়ে গেছে—একজন বলার বলার পর প্রতিবাদ আরেকজনের। ‘যতই চ্যাম্পিয়ন হোক শেখ জামালের গায়ে একটা কলঙ্ক তো লাগল’—পাল্টা যুক্তি।রহমতগঞ্জ গোলরক্ষক ইরান শেখকে কেন দুই বছর নিষিদ্ধ করার সুপারিশ? জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় সরাসরিই তুলছেন এই প্রশ্ন, ‘ওর কী অপরাধ আগে বলা হোক। কোরআন শরিফ ধরিয়ে ওকে শপথ করানোর পর এখন বহিষ্কারটা মেনে নেওয়া যায় না। আমরা খেলোয়াড় সমিতির পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করব।’হরতালের মধ্যে কাল বিকেলে বাফুফে ভবনে এলেন ফেডারেশনের এক সহসভাপতি। আগের দিন সংবাদ সম্মেলন করে শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচকে সমঝোতার বলে যে রায় দিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান, সেটি নিয়ে তাঁর ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘এটা তো কোনো শাস্তি হতে পারে না। একদল ২০ লাখ, অন্যদল ৫ লাখ—এটা কী ধরনের বিচার!’ তাঁর ক্ষোভ, ‘ফেডারেশনের কেউ না জানার আগেই সংবাদ সম্মেলন ডেকে তদন্ত রিপোর্ট প্রকাশ করে কীভাবে কমিটি? আমি তো ফেডারেশনের মিটিংয়ের এটা নিয়ে ফাটাব।’পাশেই ছিলেন লিগ কমিটির অন্যতম সদস্য হাসানুজ্জামান বাবলু। তাঁর বক্তব্য কী? বাবলু বললেন, ‘আমি তো ছিলামই না কাল। রাজশাহীতে জেএফএ কাপের উদ্বোধন শেষে আজ এলাম ঢাকায়। তবে কমিটির বক্তব্য এবং সুপারিশের সঙ্গে আমি পুরোপুরি একমত।’কিন্তু এই প্রতিবেদন নিয়ে সালাউদ্দিন কালা মহা ক্ষুব্ধ। আগের বিকেলেই রহমতগঞ্জের ফুটবল সম্পাদক তাঁর তিন বছরের নিষেধাজ্ঞার ব্যাপারে বলেছিলেন, প্রমাণ ছাড়া কোনো দণ্ড মানবেন না। প্রয়োজনে আদালতে যাবেন। কাল যোগাযোগ করা হলে কালা অতীত ইতিহাস টেনে আগের পাতানো খেলার বিচারের দাবি করেছেন। তাঁর দাবি, ‘গতবার আবাহনী চ্যাম্পিয়ন হইছে, ৮-১০টা ম্যাচিং খেইলা, এইটুকু আমরা জানি।’প্রমাণ চাইলে দিতে পারবেন কি না প্রশ্নে উত্তর, ‘আমারে যে সাসপেন করছে, আমারে কী প্রমাণ দেখাইছে। তারা চ্যাম্পিয়ন হইয়া গেছে, তাগো তো কিছু করল না। ভেতরের যত কাহিনি আছে, রায়ের পর সব বলব।’ কালার যত ক্ষোভ লিগ কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। ওই কর্মকর্তাই সাম্প্রতিক সবচেয়ে বেশি ম্যাচ পাতিয়েছেন বলে তাঁর অভিযোগ।জানা গেল, লিগ কমিটি নাকি আগের পাতানো খেলার তদন্তে যাবে না। আর এটা অনেকের মনেই প্রশ্ন তুলে দিচ্ছে, শেখ জামালের বিচার হলে আগের পাতানো খেলার বিচার নয় কেন? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলে বোঝা গেল, প্যান্ডোরার বাক্স খুললে বন্ধ করার সুযোগ থাকবে না। তখন একে একে অতীতের অনেক ঘটনাই বেরিয়ে আসবে।কিন্ত বিষয়টি আদালতে গড়ালে? সালাউদ্দিন চান, এমনভাবে বিষয়টা দেখা উচিত যাতে আদালতে গেলে রায় বাফুফের পক্ষেই আসে। বাফুফে চায় না পাতানো খেলার বিষয়টি আদালত পর্যন্ত গড়াক। একটি সূত্র জানিয়েছে, সালাউদ্দিন মনে করেন আর্থিক জরিমানা দুই দলের জন্যই সমান হওয়া উচিত। এ ব্যাপারে কাল সালাউদ্দিন বলেন, ‘কয়েক দিনের মধ্যে ফেডারেশনের সভা ডেকে রিপোর্ট উপস্থাপন করব। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ বাফুফের এই সভার দিকেই এখন তাকিয়ে আছে সবাই। কয়েক দিনের মধ্যেই অনুষ্ঠেয় এই সভাতেই ঠিক হবে লিগ কমিটির সুপারিশ করা শাস্তি অনুমোদিত হবে কি হবে না।সেটি দেখতে সাগ্রহ অপেক্ষায় আছেন ফুটবলাররাও। কাল নিজের একটা কাজে বাফুফে ভবনে আসা তরুণ মিডফিল্ডার মারুফ বলছিলেন, ‘সালাউদ্দিন ভাই পাতানো খেলার শাস্তি দিতে অন্তত কিছু একটা উদ্যোগ তো নিয়েছেন। এটা খুবই ভালো দিক। দেখবেন আগামী বছর পাতানো খেলা আরও অনেক কমে যাবে।’